বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বেটিং ও ফিক্সিংয়ের অভিযোগে পাঁচজনকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি জানিয়েছে, একটি টিম ম্যানেজার মো: লাবলুর রহমান ও ফ্র্যাঞ্চাইজি কো-ওনার (সহ-মালিক) মো: তৌহিদুল হক তৌহিদের বিরুদ্ধে তদন্তে সহযোগিতা না করা এবং প্রাসঙ্গিক তথ্য গোপন বা মুছে ফেলার অভিযোগ আনা হয়েছে।
এই অভিযোগে তাদের সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং ১৪ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
অন্যদিকে, দেশীয় ক্রিকেটার অমিত মজুমদার ও টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিকের বিরুদ্ধে ম্যাচ সংক্রান্ত বাজিতে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।
এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদেরও সাময়িকভাবে নিষিদ্ধ করে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
এদিকে, পৃথক এক সিদ্ধান্তে সামিনুর রহমানকে বিপিএল সংশ্লিষ্ট সব কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে বিসিবি।
তদন্তে সামিনুর রহমানের বিরুদ্ধে একাধিক আসরে বেটিং চক্রের সাথে যোগাযোগ এবং দুর্নীতিমূলক কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগ উঠে এসেছে। তিনি এ সিদ্ধান্ত মেনে নিয়েছেন বলে জানিয়েছে বোর্ড।



