পাকিস্তানে বিসিবি সভাপতি, পিসিবির সাথে বিশেষ বৈঠক

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয়ার সিদ্ধান্ত ও পাকিস্তানের অবস্থান এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। এই বৈঠকে নির্ধারণ হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচের ভাগ্যও।

আফ্ফান উসামা

Location :

Dhaka
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

বিশ্বকাপ নিয়ে বিতর্কের মাঝেই পাকিস্তান গেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভির সাথে বিশেষ এক বৈঠকে বসবেন তিনি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে তিনি লাহোর পৌঁছান। আজ রোববার আইসিসির উদ্যোগে সেখানে পিসিবি ও বিসিবির একটি বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে বিসিবির ঘনিষ্ঠ একটি সূত্র।

জানা যায়, বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয়ার সিদ্ধান্ত ও পাকিস্তানের অবস্থান এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। এই বৈঠকে নির্ধারণ হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচের ভাগ্যও। বৈঠক শেষে আজ বিকেলেই ঢাকায় ফেরার কথা রয়েছে বিসিবি সভাপতির।

উল্লেখ্য, নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতে চায়নি বাংলাদেশ, জানায় বিকল্প ভেন্যুর আবেদন। তবে মানেনি আইসিসি, বাংলাদেশও অবস্থান বদলায়নি। ফলে বিশ্বকাপ খেলা হচ্ছে না টাইগারদের।

বিশ্বকাপ ইস্যুতে শুরু থেকেই বাংলাদেশের পক্ষে ছিল পাকিস্তান। আইসিসির সভাতেও টাইগারদের হয়ে কথা বলে পিসিবি৷ তবে অবস্থান না বদলানোয় ভারতের বিপক্ষে নিজেদের ম্যাচটা বয়কট করে ম্যান ইন গ্রিনরা।

এমতাবস্থায় বিপাকে পড়ে গেছে আইসিসি। পাকিস্তানের এমন কঠোর সিদ্ধান্ত হতচকিত করে দিয়েছে তাদের। বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়েছে সংস্থাটি৷ লোকসান হতে পারে প্রায় ছয় হাজার ১৫০ কোটি টাকা।

তাই যেকোনো মূল্যে পাকিস্তানকে ভারত ম্যাচ খেলতে রাজি করাতে চায় আইসিসি। সেই লক্ষ্যেই হতে পারে আজ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার এই বৈঠক।