সাকিব-মাহমুদউল্লাহকে টপকে ইতিহাস গড়তে যাচ্ছেন লিটন দাস

৩০ ম্যাচে অধিনায়কত্ব করে ১৬টি জয় পেয়েছেন লিটন। হেরেছেন ১৩ ম্যাচে। জয়-পরাজয়ের হার ৫৩.৩৩ শতাংশ। অন্তত ১০ ম্যাচ নেতৃত্ব দেয়া অধিনায়কদের মাঝে যা সর্বোচ্চ।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka
লিটন দাস
লিটন দাস |নয়া দিগন্ত

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। সুযোগ ছিল এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের। তবে প্রকৃতির বাঁধায় তা আর হয়নি, বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচ মাঠে গড়ায়নি।

তবে সিরিজ জয়ের সুযোগ এখনো আছে মিরপুরে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিটা জিতলেই ২-০ তে সিরিজ নিজেদের করে নিবে টাইগাররা। সেই লক্ষ্যেই আজ বেলা ২টায় মুখোমুখি হবে দুই দল।

আর এই ম্যাচ জিতলেই দারুণ এক রেকর্ড গড়বেন লিটন দাস। অধিনায়ক হিসেবে সর্বকালের সেরা হওয়ার সামনে দাঁড়িয়ে তিনি। বনে যাবেন টি-টোয়েন্টিতে দেশের সেরা অধিনায়ক।

এই সংস্করণে জয়-পরাজয়ের হারে আগেই সবার ওপরে ছিলেন লিটন দাস। এবার জয়ের সংখ্যায়ও সবাইকে টপকে যাবেন তিনি। পেছনে ফেলবেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদকে।

এখন পর্যন্ত ৩০ ম্যাচে অধিনায়কত্ব করে ১৬টি জয় পেয়েছেন লিটন। হেরেছেন ১৩ ম্যাচে। জয়-পরাজয়ের হার ৫৩.৩৩ শতাংশ। অন্তত ১০ ম্যাচ নেতৃত্ব দেয়া অধিনায়কদের মাঝে যা সর্বোচ্চ।

আরেকটি ম্যাচ জিতলে জয়ের সংখ্যায়ও সবার ওপরে উঠে যাবেন লিটন। রিয়াদের নেতৃত্বে ৪৩ ম্যাচের ১৬টি জিতে বাংলাদেশ। আর সাকিবের অধিনায়কত্বে ৩৯ ম্যাচে জয় আসে ১৬টি।

দু’জনের চেয়ে কম ম্যাচ খেলেই দেশের সফলতম অধিনায়ক হওয়ার সুযোগ এখন লিটনের সামনে। যদিও তার ইতিহাস গড়ার অপেক্ষা হয়তো বাড়িয়ে দিতে পারে প্রকৃতি। আবহাওয়ার পূর্বাভাস বলছে খেলার সময়ে রয়েছে বৃষ্টির শঙ্কা।

তাই দ্বিতীয় টি-টোয়েন্টির মতো এই ম্যাচটি ভেসে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। যদিও এখন বৃষ্টি নেই, মাঠের ড্রেনেজ ব্যবস্থাও বেশ ভালো। ফলে সমর্থকেরা উৎসবের প্রস্তুতি নিতেই পারেন।