দুই বছরেরও বেশি সময় পর ওয়ানডেতে সেঞ্চুরির দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। ম্যাচের হিসেবে ২০ ইনিংস পর ব্যাট উঁচিয়ে ধরেছেন তিনি। খেলেন ১১৯ বলে ১০৫ রানের ইনিংস।
শুধু সেঞ্চুরি নয়, লিটন দাসের সাথে মিলে নিউজিল্যান্ডের বিপক্ষে যেকোনো উইকেটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটিও গড়েছেন তিনি। দু’জনে যোগ করেন ১৭৮ বলে ১৬০ রান।
লিটন দাস খেলেন ৯১ বলে ৭৬ রানের ইনিংস। দু’জনের এমন জুটিই স্বাগতিকদের লড়াই করার পুঁজি এনে দেয়। ম্যাচশেষে সতীর্থকে কৃতিত্ব দিতে ভুল করেননি নাজমুল হোসেন শান্ত।
তিনি বলেন, ‘আমার মনে হয় লিটন যেভাবে খেলেছে দুর্দান্ত ছিল। সে এক প্রান্ত ধরে খেলেছে। আমি চেষ্টা করেছি রান বের করার। উইকেট রানের জন্য এত সহজ ছিল না। চেষ্টা করেছি দলের জন্য ভালো একটি জুটি গড়ার।’
পরে নিজের শতরান নিয়ে শান্ত বলেন, ‘তারা (নিউজিল্যান্ড) অনেক ভালো জায়গায় বল করেছে। আমি চেষ্টা করেছি বর্তমানে থাকার। আগের কথা নিয়ে অত বেশি ভাবিনি। চেষ্টা করেছি প্ল্যান কাজে লাগিয়ে যতটা ভালোভাবে খেলা যায়।’
ওয়ানডে সিরিজের ম্যাচগুলো দিনে হওয়ায় বেশ বিপাকে পড়েছেন ক্রিকেটাররা। অসহ্য গরমের কারণে সব কিছু কঠিন হয়ে গেছে তাদের। তবে কোনো অজুহাত দিতে চান না শান্ত।
তিনি বলেন, ‘অনেক গরম এখানে। তবে এখানে কোনো অজুহাত দেয়া যাবে না। এখন অনেকটাই ভালো।’
উল্লেখ্য, তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে সিরিজে ছিল ১-১ সমতা। শেষ ম্যাচটা হয়ে উঠেছিল তাই অলিখিত ফাইনাল। বৃহস্পতিবার সেই ম্যাচে দাপুটে জয় পায় স্বাগতিকেরাই, কিউইদের হারায় ৫৫ রানে।



