প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে আতিথেয়তা দেবে আফগানিস্তান

সব মিলিয়ে দ্বিতীয় দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। প্রথম সিরিজ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হয়েছিল। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিল আফগানিস্তান।

নয়া দিগন্ত অনলাইন
ক্রিকইনফো থেকে নেয়া ছবি

আন্তর্জাতিক দ্বিপক্ষীয় সিরিজে প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে খেলবে আফগানিস্তান। এই তথ্য নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

১৩ থেকে ২৫ মার্চের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান।

এর আগে কখনো স্বাগতিক হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ আয়োজন করেনি এসিবি।

৮ মার্চ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হবার পাঁচ দিন পর টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। ১৩, ১৫ এবং ১৭ মার্চ শারজায় টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো খেলবে দু’দল। এরপর দুবাইতে ২০, ২২ এবং ২৫ মার্চ ওয়ানডে সিরিজ খেলতে নামবে আফগানিস্তান ও শ্রীলঙ্কা।

সব মিলিয়ে দ্বিতীয় দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। প্রথম সিরিজ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হয়েছিল। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিল আফগানিস্তান।

চতুর্থবারের মতো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। এর আগে ২০২২, ২০২৩ এবং ২০২৪ সালে শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজ খেলেছিল দু’দল। ওই তিন সিরিজের দু’টি যথাক্রমে ২-১ ও ৩-০ ব্যবধানে জিতে শ্রীলঙ্কা। বাকি একটি সিরিজ ১-১ সমতায় শেষ হয়।

আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজ শেষ হবার পরের দিন মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। আসন্ন আইপিএল ও পিএসএলে অংশ নেবেন দাসুন শানাকা, রশিদ খান, কুশল পেরেরা এবং নূর আহমেদসহ দু’দলের বেশ কিছু ক্রিকেটার।