শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে সুপার এইট মিশন শুরু করল ইংল্যান্ড। স্বাগতিকদের পাত্তাই দেয়নি থ্রি লায়ন্সরা। ঘরের মাঠে অসহায় লঙ্কানরা করতে পারেনি এক শ’ রানও।
পাল্লেকেলেতে রোববার (২২ ফেব্রুয়ারি) টস হেরে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৪৬ রান সংগ্রহ করে ইংল্যান্ড। রান তাড়ায় নেমে ১৬.৪ ওভারে ৯৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা, হেরে যায় ৫১ রানে।
রান তাড়ায় নেমে ইংলিশ স্পিনারদের ঘূর্ণিতে দিশেহারা শ্রীলঙ্কা নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে। পাওয়ার প্লেতে ৩৪ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে দলটা। সাতে নেমে শ্রীলঙ্কার হয়ে ২৪ বলে সর্বোচ্চ ৩০ রান করেন অধিনায়ক দাসুন শানাকা। ১৩ রান আসে কামিন্দু মেন্ডিসের ব্যাটে। ১০ রান করে করেন দিমুথ ভেল্লালাগে ও মহেশ থিকশানা।
তিন স্পিনার উইল জ্যাকস, আদিল রশিদ ও লিয়াম ডসন মিলে নেন ৭ উইকেট। সর্বোচ্চ ৩ উইকেট জ্যাকসের। রশিদ ও ডসন নিয়েছেন ২টি করে উইকেট। ২ উইকেট নেন জফরা আর্চারও।
এর আগে, টস হেরে ব্যাট করতে নামা ইংল্যান্ডের হয়ে ওপেনার ফিল্ট সল্ট ছাড়া কারো ব্যাটই হাসেনি। ৫ ব্যাটার স্পর্শ করতে পেরেছেন দুই অঙ্কের ঘরের রান। দলীয় ৪৯ রানেই সাজঘরে ফেরেন বাটলার (৭), জ্যাকব বেথেল (৩) ও টম ব্যান্টন (৬)। অধিনায়ক হ্যারি ব্রুকও ব্যর্থ হন হাল ধরতে (৭ বলে ১৪)। আর তাতেই ৬৮ রানে ৪ উইকেট হারায় থ্রি লায়ন্সরা।
এরপর দলকে পথ দেখান ফিল সল্ট। তুলে নেন অর্ধশতকও। ঠিক রাখেন রানের গতি। শেষ পর্যন্ত ৪০ বলে করেন ৬২ রান। বাকিদের মাঝে স্যাম কারানের ১১ কেবল বলার মতো।
শ্রীলঙ্কার হয়ে ভেল্লালাগে ৪ ওভারে ২৬ রানে তিন উইকেট নেন। দু’টি করে উইকেট নেন দিলশান মধুশাঙ্কা ও মহেশ থিকসানা।



