দুই ম্যাচে বৃষ্টি কেড়ে নিয়েছিল খেলা। তাই তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ভাগ্য গড়ার মঞ্চ হয়ে উঠেছিল শেষ ম্যাচটি। সেই পরীক্ষায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।
রিশাদ হোসেন ও আলিস আল ইসলামের ঘূর্ণিতে প্রোটিয়া ‘এ’ দলকে ১৮২ রানে গুটিয়ে দিয়ে ৫ উইকেটে জিতেছে তাওহিদ হৃদয়ের দল। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে বাংলাদেশ ‘এ’।
শনিবার পচেফস্ট্রুমে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা ‘এ’। মাত্র ৮৯ রানেই ৬ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। এরপর অধিনায়ক মার্কিউস অ্যাকারম্যান ও ইমরান মানাকের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তারা।
অ্যাকারম্যান ৬৭ বলে ৫৪ এবং মানাক ৫৩ বলে ৪৩ রান করেন। শেষ পর্যন্ত ৪০ ওভারে ১৮২ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা ‘এ’। বাংলাদেশের হয়ে বল হাতে ১০ ওভারে ৪৫ রান দিয়ে ৪ উইকেট নেন রিশাদ হোসেন।
তাকে দারুণ সঙ্গ দেন আলিস আল ইসলাম। ১০ ওভারে ৩৫ রান খরচায় ৩ উইকেট শিকার করেন তিনি। এ ছাড়া মুশফিক হাসান ও সাইফউদ্দিনও একটি করে উইকেট নেন। ফলে স্বাগতিকেরা বড় সংগ্রহ গড়তে পারেনি।
১৮৩ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্ত। উদ্বোধনী জুটিতেই ৯২ রান যোগ করেন সাইফ হাসান ও মোহাম্মদ নাঈম। সাইফ ৫৩ বলে ৬১ রান করে ফিরেছেন ৯টি চার ও ৩টি ছক্কায়। এরপর মোহাম্মদ নাঈমও তুলে নেন ফিফটি। ৭৭ বলে ৬০ রান করেন এই ওপেনার।
সাইফ-নাঈম ফেরার পর দ্রুত কয়েকটি উইকেট হারালেও জয় নিয়ে কোনো সংশয় তৈরি হয়নি। পারভেজ হোসেন ইমন ১৭ ও নুরুল হাসান সোহান ১৬ রান করেন। শেষ দিকে আফিফ হোসেন ৬ ও রিশাদ হোসেন ৫ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।
৩৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৫ রান তুলে ১৭ ওভার হাতে রেখেই ম্যাচ জিতে নেয় বাংলাদেশ ‘এ’। সেই সাথে ১-০ ব্যবধানে সিরিজও নিজেদের করে নেয় বাংলাদেশ ‘এ’।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে মাত্র ১১ ওভার খেলা হয়েছিল, এরপর বৃষ্টিতে সেটি পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচে কোনো বল মাঠে গড়ানোর আগেই পরিত্যক্ত হয়।



