মাঠেই গড়ালো না জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচ, কপাল পুড়ল অস্ট্রেলিয়ার

অন্য দিকে জিম্বাবুয়ে ছাড়াও শ্রীলঙ্কার কাছেও হেরেছে অস্ট্রেলিয়া। আয়ারল্যান্ডের সাথে তাদের গ্রুপপর্বের শেষ ম্যাচটা বাকি থাকলেও তা এখন কেবল আনুষ্ঠানিকতা মাত্র।

নয়া দিগন্ত অনলাইন
বৃষ্টির কারণে টস করাও সম্ভব হয়নি
বৃষ্টির কারণে টস করাও সম্ভব হয়নি |ক্রিকইনফো থেকে নেয়া ছবি

মাঠেই গড়ালো না জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচ। মাঠে নামা তো দূর, বৃষ্টিতে টস পর্যন্ত হলো না। শেষ পর্যন্ত আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হলো।

তাতেই কপাল পুড়ল অস্ট্রেলিয়ার। এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ শেষ তাদের, সুপার এইটে ওঠা হলো না সাবেক চ্যাম্পিয়নদের। বিপরীতে শেষ আটের টিকিট কাটলো জিম্বাবুয়ে।

পাল্লেকেলেতে মঙ্গলবার দুপুরের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের। এই ম্যাচ আয়ারল্যান্ড জিতলে বেঁচে থাকত অস্ট্রেলিয়ার সুপার এইট খেলার আশা।

কিন্তু টানা বৃষ্টির কারণে ম্যাচের টসই করা সম্ভব হয়নি। ফলে পয়েন্ট হয় ভাগাভাগি। তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে পৌঁছে যায় জিম্বাবুয়ে।

অথচ বাছাইপর্ব পেরোতে না পারায় ২০২৪ সালের বিশ্বকাপই খেলতে পারেননি সিকান্দার রাজা, ব্লেসিং মুজারাবানিরা। তারাই এবার বিশ্বকাপে ফিরে গড়ল অন্যরকম ইতিহাস।

অস্ট্রেলিয়ারকে গ্রুপ পর্ব থেকেই ছিটকে দিয়ে উঠে গেল সেরা আটের কাতারে। ৩ ম্যাচে মাত্র ২ পয়েন্ট পাওয়া অজিদের সাথে বাদ পড়েছে আয়ারল্যান্ড (৩) ও ওমানও (০)।

বৃষ্টি জিম্বাবুয়েকে সুপার এইটে উঠতে সহায়তা করলেও নিজেদের কাজটা ঠিকই করে রেখেছি তারা। প্রথম দুই ম্যাচে ওমান ও অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিল সিকান্দার রাজার দল।

অন্য দিকে জিম্বাবুয়ে ছাড়াও শ্রীলঙ্কার কাছেও হেরেছে অস্ট্রেলিয়া। আয়ারল্যান্ডের সাথে তাদের গ্রুপপর্বের শেষ ম্যাচটা বাকি থাকলেও তা এখন কেবল আনুষ্ঠানিকতা মাত্র।

উল্লেখ্য, ৩ ম্যাচে ৩ জয় নিয়ে এই গ্রুপ থেকে আগেই সুপার এইট নিশ্চিত করেছে সহস্বাগতিক শ্রীলঙ্কা।