অপেক্ষা বাড়ছে মুমিনুল হকের। তিন অঙ্কের ঘর অপরিচিত হয়ে উঠছে তার। দেশের হয়ে টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ এই সেঞ্চুরিয়ান (১৩) সবশেষ সেঞ্চুরি করেছিলেন ২০২৪ সালের সেপ্টেম্বরে।
কানপুরে ভারতের বিপক্ষে সেই যে ১০৭ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন, এরপর ২০ মাসে ২০ ইনিংসে আর সেঞ্চুরির দেখা পাননি। তবে রানে ছিলেন না এমন না, ছন্দেই আছেন তিনি।
শেষ ১১ টেস্ট ইনিংসে একবারও দশের নিচে আউট হননি মুমিনুল হক। পেয়েছেন পাঁচ ফিফটি, যার মাঝে শেষ চার ইনিংসেই টানা পঞ্চাশ ছুয়েছেন। যার মাঝে ৮০ পেরিয়েছেন তিনবার।
কিন্তু কেন যেন সেঞ্চুরি হচ্ছে না। সবশেষ হতাশ করেছেন আজ। ক্যারিয়ারে প্রথমবার আউট হয়েছেন নব্বইয়ের ঘরে। মাত্র ৯ রানের জন্য হাতছাড়া করেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার।
শুক্রবার মিরপুরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ২০০ বলে ৯১ রান করেন মুমিনুল। এত কাছে এসে সেঞ্চুরি মিস? আক্ষেপ হয় না? দিনশেষে এমন প্রশ্ন ছিল মুমিনুলের কাছে।
উত্তরে তিনি যা বললেন, তাতে হেসে উঠলেন সাংবাদিকরা। রসিকতা করে মুমিনুল বলেন, ‘না, তেমন আক্ষেপ হয় না। তবে আজকে সামান্য আক্ষেপ হয়েছিল।’ আক্ষেপের কারণও জানালেন তিনি।
বললেন, ‘কারণ হয়তো বাসায় ফেরার পর বউ গালি দিতে পারে (স্ত্রীর কাছে বকা খেতে হতে পারে)। তবে সত্যি বলতে, আমার কাছে ১০০ করার চেয়ে প্রতিদিন দলের জন্য রান করা বেশি গুরুত্বপূর্ণ।’
মুমিনুল আরো বলেন, ‘আমি যখন ব্যাটিংয়ে নামি তখন সত্যি কথা আমি কোনো সময়ই ১০০ করব চিন্তা করি না। হয়ত আরেকটু চিন্তা করতে হবে। আমি যেটা চিন্তা করি সেটা হলো ৪-৫ সেশন ব্যাটিং করতে হবে।’
‘ওইটাই হয়ত আরেকটু মনোযোগ দিয়ে করতে হবে। পাঁচ সেশন ব্যাটিং করলে আমার এমনিই ১০০-১৫০ হয়ে যাবে। ওই জায়গায় আমাকে আরেকটু মনোযোগী হতে হবে।’- যোগ করেন তিনি।



