বিসিবি থেকে এক রাতে ৪ পরিচালকের পদত্যাগ

বিসিবির বর্তমান পর্ষদের তিন পরিচালক আগেই পদত্যাগ করেছিলেন। শনিবার বোর্ড সভার পর পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রভাবশালী আরো চারজন পরিচালক।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অস্থির অবস্থা বিরাজ করছে সেখানে, পড়েছে পদত্যাগের হিড়িক। গত একরাতে পদত্যাগ করেছেন চার পরিচালক।

বিসিবির বর্তমান পর্ষদের তিন পরিচালক আগেই পদত্যাগ করেছিলেন। শনিবার বোর্ড সভার পর পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রভাবশালী আরো চারজন পরিচালক।

বোর্ড সভা শেষেই পদত্যাগ করেছেন ফাইয়াজুর রহমান। পরে রাত ১০টার দিকে পদত্যাগপত্র দেন শানিয়ান তানিম ও মেহরাব আলম চৌধুরি। এরপর গভীর রাতে পদত্যাগ করেন মঞ্জুর আলমও।

গত অক্টোবরে অনুষ্ঠিত হয়েছিল বিসিবির নির্বাচন। সেখানে জয়ী বর্তমান পরিচালনা পর্ষদের বয়স ছয় মাস হওয়ার আগেই পদত্যাগ করলেন এই নিয়ে সাতজন পরিচালক।

ফাইয়াজুর ছিলেন বোর্ডের ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন এই পরিচালক।

ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন শানিয়ান তামিম। আর সিকিউরিটি কমিটির প্রধান ছিলেন মেহরাব। মেডিক্যাল বিভাগের ভার ছিল মঞ্জুর আলমের।

তাদের আগে ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হওয়া ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেন আর জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত ইয়াসির মোহাম্মদ ফয়সাল পদত্যাগ করেছিলেন।

সাত পরিচালকের পদত্যাগের সত্যিকার অর্থে বিসিবি যে ভেঙে পড়েছে- তা নিশ্চিতভাবেই বলা যায়। ঘোলাটে পরিস্থিতি আরো জটিল করে তুলেছে।

এ নিয়ে বিসিবির মিডিয়া চেয়ারম্যান মোকসেদুল কামাল বলেন, ‘যারা পদত্যাগ করেছে ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছে। আজ যিনি করেছেন তিনি বোর্ড মিটিংয়েও ছিলেন আমাদের সাথে। আমরা আসলে নিউজের মাধ্যমেই জেনেছি পদত্যাগের কথা। যে চারজন রিজাইন করেছেন, তারা যথেষ্ট ভূমিকা পালন করেছেন এই বোর্ডের জন্য ও ক্রিকেটের জন্য।’