ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অভিষেকেই বল হাতে আলো ছড়িয়েছেম মেহেদী হাসান মিরাজ। চার ওভারে মাত্র ১৩ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। তার এমন পারফরম্যান্সে মুগ্ধ গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের অধিনায়ক ইমরান তাহির। মিরাজকে ‘বিশ্বমানের স্পিনার’ বলেছেন তিনি।
মোহাম্মদ নবী জাতীয় দলের ডাকে সিপিএল ছেড়ে যাওয়ায় তার জায়গায় গায়ানার দলে হঠাৎ করেই সুযোগ পান মিরাজ। নবীর মতো অভিজ্ঞ ও গুরুত্বপূর্ণ একজন বোলারের শূন্যতা পূরণ করা সহজ ছিল না। তবে প্রথম ম্যাচেই দারুণ বোলিং করে সেই ঘাটতি পূরণের আভাস দিয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে ৪ বলে মাত্র ১ রান করেন মিরাজ। তবে বল হাতে ছিলেন দুর্দান্ত। চার ওভারে মাত্র ১৩ রান দিয়ে নেন ৩ উইকেট। তার বোলিংয়ে সেন্ট লুসিয়ার ব্যাটিং লাইনআপ ১১৯ রানে আটকে যায়।
ম্যাচ শেষে মিরাজের প্রশংসা করে তাহির বলেন, ‘আমাদের দলে নবী ছিল। তার মান অনেক উপরে। আমাদের সেরা বোলার ছিল। তবে সে (মিরাজ) এলো, সত্যি বলতে, আমরা কিছুই ভাবিনি। এরপর সে খুবই ভালো বোলিং করল, ঠিক যেভাবে আমরা চেয়েছিলাম।’
মিরাজের আন্তর্জাতিক অভিজ্ঞতা ও সামর্থ্যের কথাও আলাদা করে উল্লেখ করেন তাহির। তার ভাষায়, ‘তার মতো একজনকে দলে পাওয়া দারুণ ব্যাপার। বিশ্বমানের স্পিনার সে, বিশ্বজুড়ে পারফর্ম করছে। তার সাথে ও অন্য সবার সাথে বোলিং করতে পেরে আমি রোমাঞ্চিত।’
মিরাজের পাশাপাশি ম্যাচে বল হাতে ঝড় তুলেছেন তাহির নিজেও। একাই নিয়েছেন ৫ উইকেট। পরে ৯ বল হাতে রেখে সেন্ট লুসিয়াকে ৪ উইকেটে হারিয়ে দেয় গায়ানা।
এই জয়ে সিপিএলের পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরো শক্ত করেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। ৮ ম্যাচে ৭ জয়ে তাদের সংগ্রহ ১৪ পয়েন্ট।



