বাংলাদেশ ক্রিকেটে নেতৃত্বে বড় পরিবর্তন এনেছে ক্রিকেট বোর্ড। ওয়ানডে অধিনায়কত্ব থেকে মেহেদী মিরাজকে সরিয়ে নেতৃত্ব তুলে দেয়া হয়েছে লিটন দাসের হাতে। অন্যদিকে টেস্ট দলের অধিনায়ক হিসেবে বহাল থাকছেন নাজমুল হোসেন শান্ত।
বুধবার বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি তামিম ইকবাল জানান, তিন ফরম্যাটে তিনজন ভিন্ন অধিনায়ক রাখার নীতি থেকে সরে এসেছে বোর্ড। এখন থেকে লাল বল ও সাদা বল—এই দুই ভাগে নেতৃত্ব পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
‘আগে তিন ফরম্যাটে তিন অধিনায়ক ছিল। কিন্তু বোর্ড এখন মনে করছে, লাল বল ও সাদা বলে দুজন অধিনায়ক থাকলেই যথেষ্ট। তাই নাজমুল হোসেন শান্তকে লাল বলের ও লিটন দাসকে সাদা বলের ক্রিকেটের অধিনায়ক করা হয়েছে,’ বলেন তামিম।
তিনি আরো জানান, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই লিটনের ওপর আস্থা রেখেছে বোর্ড। সেই সাথে মিরাজকে নেতৃত্ব থেকে সরানোর কারণও ব্যাখ্যা করেন বিসিবি সভাপতি।
তার ভাষ্য, সাম্প্রতিক সময়ে একজন অধিনায়কের কাছ থেকে যে ধরনের পারফরম্যান্স প্রত্যাশা করা হয়, মিরাজ তা ধারাবাহিকভাবে দিতে পারছিলেন না। নেতৃত্বের অতিরিক্ত চাপ তার ব্যক্তিগত পারফরম্যান্সেও প্রভাব ফেলছিল বলে মনে করছে বোর্ড।
তবে এই সিদ্ধান্তে মিরাজের সাথে বোর্ডের সম্পর্কের কোনো অবনতি হয়নি বলেও স্পষ্ট করেন তামিম। তিনি জানান, সিদ্ধান্তের আগে মিরাজের সাথে আলোচনা হয়েছে এবং তিনি বিষয়টি পেশাদারিত্বের সাথেই গ্রহণ করেছেন।
‘আমার বিশ্বাস, মিরাজ আরো শক্তভাবে ফিরে আসবে। ভবিষ্যতে আবারো বাংলাদেশের অধিনায়ক হওয়ার সামর্থ্য তার আছে,’ যোগ করেন তামিম ইকবাল।
নতুন নেতৃত্ব কাঠামো অনুযায়ী, টেস্ট দলে নাজমুল হোসেন শান্তর সহ-অধিনায়ক থাকছেন মেহেদী হাসান মিরাজ। আর ওয়ানডে দলে লিটন দাসের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন তাওহীদ হৃদয়।
নেতৃত্বে এই পরিবর্তনের মাধ্যমে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নতুন পরিকল্পনায় এগিয়ে যাওয়ার বার্তাই দিলো বিসিবি। এখন দেখার বিষয়, লিটন দাসের নেতৃত্বে সাদা বলের ক্রিকেটে বাংলাদেশ কতটা সফল হতে পারে।



