শক্তি বাড়াচ্ছে সিলেট টাইটান্স। দলটির হয়ে খেলতে বাংলাদেশে আসছেন ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস। তাকে নিয়ে প্লে অফের জন্য প্রস্তুত হচ্ছে সিলেট।
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল ক্রিস ওকসকে নিয়ে। মোহাম্মদ আমির ও আজমতুল্লাহ ওমরজাই ফিরে যাওয়ার পর যা ভিন্ন মাত্রা পায়। অবশেষে সেই গুঞ্জন বাস্তবে রূপ নিলো।
বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলা ওকস বিপিএলের মঞ্চেও নিজের জাত চেনাতে প্রস্তুত। প্রথমবারের মতো বিপিএল খেলতে আসছেন তিনি। যা আলো বাড়াবে এবারের আসরের।
৩৬ বছর বয়সী ওকস ইংল্যান্ড জাতীয় দলের হয়ে তিন সংস্করণেই প্রতিনিধিত্ব করেছেন। দেশের হয়ে জিতেছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপাও। স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৭০ ম্যাচে তার রয়েছে ১০৩১ রান ও ১৭৯ উইকেট।
এছাড়া আইপিএল, বিগ ব্যাশ ও আইএলটি-টোয়েন্টির মতো প্রতিযোগিতায় খেলার অভিজ্ঞতা থাকা এই ইংলিশ তারকা সিলেটের একাদশে ভারসাম্য এনে দেবেন বলে আশা করা হচ্ছে।
অবশ্য মেহেদী মিরাজের নেতৃত্বাধীন সিলেট টাইটান্স ইতোমধ্যেই প্লে-অফ নিশ্চিত করেছে। রংপুর রাইডার্সের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ৬ উইকেটের জয় নিয়ে ৯ ম্যাচে ৫ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে দলটি।



