ভারতের গ্যালারি স্তব্ধ করে দিতে চান স্যাম কারান

স্যাম কারান বলেছেন, ভারতের বিপক্ষে ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেমিফাইনালে গ্যালারি নিস্তব্ধ করাই তার লক্ষ্য; আত্মবিশ্বাসী ইংল্যান্ড তারকা ফাইনালে ওঠার প্রত্যাশা জানিয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
ইংলিশ অলরাউন্ডার স্যাম কারান
ইংলিশ অলরাউন্ডার স্যাম কারান |সংগৃহীত

ঘরের মাঠে চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী স্যাম কারান। দিয়ে রাখলেন হুমকিও, ওয়াংখেড়ের উত্তাল গ্যালারি নিস্তব্ধ করে দিতে চান ইংলিশ অলরাউন্ডার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে স্বাগতিক ভারতের বিপক্ষে বৃহস্পতিবার মাঠে নামবে ইংল্যান্ড। বিখ্যাত ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৃহস্পতিবার সন্ধ্যায় গড়াবে এই লড়াই।

তবে স্বাগতিকদের মুখোমুখি হওয়ায় আগে অলরাউন্ডার স্যাম কারান জানান তার এক স্বপ্নের কথা। মঙ্গলবার অনুশীলনের ফাঁকে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ভারতে খেলা তার স্বপ্ন ছিল।

তিনি বলেন, ‘ছোটবেলায় যে স্বপ্ন দেখতাম, তার একটি ছিল ভারতে ভারতের বিপক্ষে খেলা। শ্রীলঙ্কা থেকে মুম্বাই আসার সময় সেই চিন্তা হচ্ছিল, এটা সত্যিই অসাধারণ অভিজ্ঞতা।’

ভারত বরাবরই ক্রিকেট পাগল দেশ। তাদের ক্রিকেটপ্রেম বেশ ইর্ষনীয়। যার রূপ দেখা যায় মাঠেও। দর্শক উপস্থিতি থাকে ব্যাপক, সরগরম হয়ে ওঠে পুরো ক্রিকেট পাড়া। যা আন্দোলিত করছে কারানকে।

তবে সেমিফাইনালে ওয়াংখেড়ের গর্জে ওঠা গ্যালারি নিস্তব্ধ করে দিতে চান তিনি। বলেন, ‘স্টেডিয়াম জোরে গর্জে উঠবে। যা রোমাঞ্চকর। তবে যদি গ্যালারি নীরব হয়, বুঝতে হবে আমরা ভালো করছি। এটাকেই ইতিবাচক দিক হিসেবে দেখছি। ম্যাচে আমাদের গতি ও তাদের খেলার পারফরম্যান্স এমন হবে যাতে ধীরে ধীরে গ্যালারি নীরব হয়ে যায়।’

ইংল্যান্ড দলের বেশিভাগ ক্রিকেটারই নিয়মিত খেলে থাকেন আইপিএলে। ফলে ভারতীয় দর্শকদের আবেগঘন সমর্থনের সাথে তারা পরিচিত। কারানের মতে, সেই অভিজ্ঞতাই কাজে দেবে। কারণ হিসেবে তিনি বলেন, ‘ইতিবাচক দিক হলো আমরা ভারতে অনেক ক্রিকেট খেলেছি। এখানে খেলতে খেলতে শব্দকে উপেক্ষা করতে শিখেছি। তবে অনেক তরুণ ক্রিকেটারের স্বপ্ন থাকে ভারতের বিপক্ষে সেমিফাইনালে খেলার।’

নিজের দলের লক্ষ্য নিয়ে কারান বলেন, ‘দু’টি দুর্দান্ত দল মুখোমুখি হচ্ছে। গত চার-পাঁচ সপ্তাহের পরিশ্রম আমাদের এখানে এনেছে। আশা করি, আমরা ফাইনালের পথে এক ধাপ এগোতে পারব।’