পাকিস্তানের জোড়া উইকেট তুলে নিয়ে স্বস্তিতে বাংলাদেশ

৩৯ বলে ২৬ রানে সালমান আগাকে ফেরানোর পেছনে বড় অবদান সাদমানের। দারুণ এক ক্যাচ নেন তিনি।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছেন তাইজুল ও তাসকিন
বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছেন তাইজুল ও তাসকিন |সংগৃহীত

পরপর দুই ওভারে জোড়া উইকেট তুলে নিয়ে ম্যাচে প্রভাব ফেরালো বাংলাদেশ। স্বস্তি ফিরলো দলে। অন্যদিকে থিতু হয়ে যাওয়া দুই ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে গেল পাকিস্তান।

মিরপুর টেস্ট জয়ের জন্য পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল বাংলাদেশ। যা তাড়া করতে নেমে ১২১ রানে ৫ উইকেট হারিয়ে বসেছে সফরকারীরা। জয়ের জন্য এখনো চাই ১৪৭ রান।

রান তাড়ায় ৬৮ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল পাকিস্তান। এরপর ফজল আব্দুল্লাহ ও সালমান আগা মিলে ৯৯ বলে ৫১ রানের জুটি গড়ে দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন।

তবে বাধ সাধলেন তাইজুল ইসলাম। ১১৩ বলে ৬৬ রান করে ফেলা ফজলকে এলবিডব্লু করে থামান তাইজুল। পরের উইকেট আসতে দেরি হয়নি, এবার আঘাত আনেন তাসকিন।

৩৯ বলে ২৬ রানে সালমান আগাকে ফেরানোর পেছনে বড় অবদান সাদমানের। দারুণ এক ক্যাচ নেন তিনি। ৬ বলের মাঝে ২ উইকেট তুলে নিয়ে ম্যাচে দাপট ফেরায় স্বাগতিকরা।

এর আগে প্রথম উইকেটের দেখা পেয়ে যায় বাংলাদেশ, মধ্যাহ্নভোজে যাবার আগেই। রান তাড়ায় প্রথম ওভারেই ইমাম উল হকের (২) উইকেট হারায় পাকিস্তান। তাকে ফেরান তাসকিন আহমেদ।

এরপর প্রথম ইনিংসে সেঞ্চুরি করা আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজল জুটি গড়ার চেষ্টা করেন। তাদের চেষ্টা রুখে দেন মেহেদী মিরাজ। ৫৪ রানের জুটি ভেঙে ফেরান ১৫ রান করা আজানকে।

চারে নামা পাকিস্তান অধিনায়ককে টিকতে দেননি নাহিদ রানা। গতিময় এই পেসারের চমৎকার ডেলিভারিতে ক্যাচ দিয়ে ফেরেন শান মাসুদ (২)। এরপর হাল ধরেন ফজল ও সালমান আগা।