বিসিবির নতুন চুক্তিতে নেই ‘এ প্লাস’ ক্যাটাগরি

২০২৬ সালের জন্য প্রস্তাবিত এই চুক্তি তালিকায় মোট ২৭ জন ক্রিকেটারের নাম থাকতে পারে। যেখানে আগে ছিলেন ২২ জন।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশ ক্রিকেট দল |ফাইল ছবি

নতুন কেন্দ্রীয় চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গুঞ্জন উঠেছে, এবারের আসরে বাড়তে যাচ্ছে চুক্তিবদ্ধ ক্রিকেটার সংখ্যা। তবে নতুন খবর হলো, এবার থাকছে না কোনো ‘এ প্লাস’ ক্যাটাগরি।

সব সংস্করণে নিয়মিত খেলোয়াড়ের অভাবে নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে ‘এ প্লাস’ ক্যাটাগরি বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ক্যাটাগরি শুরু হবে ‘এ’ থেকে।

বিসিবির এক কর্মকর্তা ক্রিকেটভিত্তিক পোর্টাল ক্রিকবাজকে জানান, “এবার কেন্দ্রীয় চুক্তিতে আমরা ‘এ প্লাস’ ক্যাটাগরি রাখছি না। বর্তমানে আমাদের কেউই তিন সংস্করণে নিয়মিত খেলছে না, যা এই ক্যাটাগরিতে থাকার অন্যতম শর্ত।”

তিনি আরো বলেন, ‘আমরা ২৭ জনের একটি তালিকা তৈরি করেছি, এখন বোর্ডের অনুমোদনের অপেক্ষায় আছি।’

২০২৬ সালের জন্য প্রস্তাবিত এই চুক্তি তালিকায় মোট ২৭ জন ক্রিকেটারের নাম থাকতে পারে। যেখানে আগে ছিলেন ২২ জন। অর্থাৎ চুক্তি তালিকায় পাঁচটি নতুন জায়গা করেছে বিসিবি।

আগের চুক্তিতে থাকা বাকি ২১ জন ক্রিকেটারই এবারো তালিকায় জায়গা ধরে রেখেছেন। তবে মাহমুদউল্লাহ রিয়াদ অবসরে যাওয়ায় তার স্থান খালি। ফলে চুক্তিতে আসছেন ছয় নতুন মুখ।

সম্ভাব্য সেই ৬ ক্রিকেরার হলেন শামীম পাটোয়ারী, পারভেজ ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভীর ইসলাম ও হাসান মুরাদ। চূড়ান্ত অনুমোদন পেলেই কেবল এই বেতন কাঠামো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।