দক্ষিণ আফ্রিকার চুক্তি তালিকা প্রকাশ, নেই ডেভিড মিলারের নাম

অপ্রত্যাশিতভাবে চুক্তি তালিকা থেকে বাদ পড়েছেন ডেভিড মিলার। তবে প্রথমবার চুক্তিতে জায়গা পেয়েছেন ওটনিয়েল বার্টমান, কর্বিন বশ, ম্যাথু ব্রিটস্কি ও ডেওয়াল্ড ব্রেভিস।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

২০২৬-২৭ মৌসুমের জন্য ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। সবমিলিয়ে এই তালিকায় জায়গা পেয়েছেন ১৯ জন ক্রিকেটার।

এই চুক্তির মেয়াদ ১ জুন ২০২৬ থেকে ৩১ মে ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে। তবে ১৮ জন খেলোয়াড় পূর্ণাঙ্গ কেন্দ্রীয় চুক্তির আওতাধীন হলেও একজনকে হাইব্রিড চুক্তিতে রাখা হয়েছে।

অপ্রত্যাশিতভাবে এই চুক্তি তালিকা থেকে বাদ পড়েছেন ডেভিড মিলার। তবে প্রথমবার চুক্তিতে জায়গা পেয়েছেন ওটনিয়েল বার্টমান, কর্বিন বশ, ম্যাথু ব্রিটস্কি ও ডেওয়াল্ড ব্রেভিস।

গত মৌসুমে হাইব্রিড চুক্তিতেই ছিলেন মিলার। যেখানে তার সাথে ছিলেন রাসি ফন ডার ডাসেনও। তবে এবার মিলারের মতো তারও ঠাঁয় হয়নি চুক্তি তালিকায়।

নতুন চুক্তিতে একমাত্র হাইব্রিড খেলোয়াড় হলেন সাইমন হারমার। এই ধরনের চুক্তিতে থাকায় তিনি কোন কোন দ্বিপক্ষীয় সিরিজে অংশ নিবেন, তা নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন।

এফিকে গত মৌসুমে অনেকটা সময় বাইরে থাকা ফাস্ট বোলার নান্দ্রে বার্গার, জেরল্ড কুটসিয়া ও লিজাড উইলিয়ামসও বাদ পড়েছেন। জায়গা হারিয়েছেন ব্যাটসম্যান রিজা হেনড্রিকসও।

দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তির তালিকা
টেম্বা বাভুমা, ডেভিড বেডিংহাম, ওটনিয়েল বার্টমান, কর্বিন বশ, ম্যাথু ব্রিটস্কি, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, মার্কো ইয়ানসেন, কেশাভ মহারাজ, কিউনা মাফাকা, এইডেন মার্করাম, ভিয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, কাইল ভেরেইনা।

হাইব্রিড চুক্তি
সাইমন হার্মার