দেবদূত পাড্ডিকাল ও ধ্রুব জুরেলের জোড়া সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে সফরকারী ভারত। ৯ উইকেটে ৫০৩ রানে ইনিংস ঘোষণা করে টিম ইন্ডিয়া।
জবাবে দিন শেষে ২ উইকেটে ৮ রান করেছে শ্রীলঙ্কা। ৮ উইকেট হাতে নিয়ে এখনো ৪৯৫ রানে পিছিয়ে শ্রীলঙ্কা।
কলম্বোতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৫ উইকেটে ৩০০ রান করেছিল ভারত। প্রথম দিনই সেঞ্চুরি তুলে ১১৭ রানে আউট হন পাড্ডিকাল। দিন শেষে জুরেল ৭ ও অভিষিক্ত সারাংশ জৈন ৪ রানে অপরাজিত ছিলেন।
দ্বিতীয় দিন প্রথম ব্যাটার হিসেবে ব্যক্তিগত ৬ রানে থামেন সারাংশ। তার বিদায়ে ক্রিজে জুরেলের সঙ্গী হন আগের দিন ৩ রানে আহত অবসর নেয়া ঋসভ পান্ত।
শ্রীলঙ্কার বোলারদের সামনে প্রতিরোধ গড়ে সপ্তম উইকেটে ১৫২ বলে ১১২ রানের জুটিতে ভারতের রান ৪০০ পার করেন পান্ত ও জুরেল।
দলীয় ৪১৯ রানে আউট হন পান্ত। ৬ চার ও ২ ছক্কায় ৬৩ রান করেন তিনি। তখন অন্যপ্রান্তে ৫৯ রানে অপরাজিত ছিলেন জুরেল।
টেল এন্ডারদের নিয়ে শেষ ৩ উইকেটে ৮৪ রান তুলে ভারতের রান ৫০০ পার করেন জুরেল। অষ্টম উইকেটে মোহাম্মদ সিরাজের সাথে ৩১ রানের জুটি গড়ার পথে ক্যারিয়ারের ১১তম টেস্টে দ্বিতীয় সেঞ্চুরির দেখা পান জুরেল।
শেষ উইকেট জুটিতে প্রষিদ্ধ কৃষ্ণার সাথে জুরেলের অবিচ্ছিন্ন ১৪ রানের জুটি ভারতকে ৫০০ রানের স্বাদ দেয়। ১৩৮ ওভারে ৯ উইকেটে ৫০৩ রানে ইনিংস ঘোষণা করে ভারত।
৯ চার ও ২ ছক্কায় ১৭৭ বলে ১১৫ রানের অনবদ্য ইনিংস খেলেন জুরেল। ৪ রান অপরাজিত থাকেন কৃষ্ণা।
বল হাতে শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্দো ১০৬ রানে ৪ উইকেট নেন। এ ছাড়া প্রবাথ জয়সুরিয়া ও কিশারা নুয়ান্থা ২টি করে উইকেট শিকার করেন।
ভারত ইনিংস ঘোষণার পর দিনের শেষভাগে ৩ ওভার ব্যাট করার সুযোগ পায় শ্রীলঙ্কা। এরমধ্যে দ্বিতীয় ওভারে লাহিরু উদারাকে ১ রানে কৃষ্ণা এবং তৃতীয় ওভারে নাইটওয়াচম্যান জয়সুরিয়াকে ২ রানে শিকার করেন মানাভ সুথুর।
জয়সুরিয়ার আউটের পর দিনের খেলার ইতি টানেন অনফিল্ড আম্পায়াররা। ৫ রানে অপরাজিত আছেন শ্রীলঙ্কার আরেক ওপেনার কামিল মিশারা।



