টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের ব্যাটার ফিন অ্যালেন। মাত্র ৩৩ বলে তিন অঙ্ক ছুঁয়ে বিশ্ব রেকর্ডের মালিক হন তিনি। ৩০৩.০৩ স্ট্রাইকরেটে করা ওই বিধ্বংসী সেঞ্চুরিতে রেকর্ড বইয়ের পাতা ওলট-পালট করে দিয়েছেন অ্যালেন।
বুধবার (৪ মার্চ) রাতে কলকাতার ইডেন গার্ডেন্সে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে অ্যালেনের বিধ্বংসী সেঞ্চুরিতে ৪৩ বল বাকি থাকতে ৯ উইকেটে সেমিফাইনাল জিতে ফাইনালের টিকিট পেয়ে যায় নিউজিল্যান্ড। ১০ চার ও ৮ ছক্কায় ৩৩ বলে ১০০ রানে অপরাজিত থাকেন অ্যালেন।
১৯ বলে হাফ-সেঞ্চুরি করে পরের হাফ-সেঞ্চুরি করতে মাত্র ১৪ বল খেলেন অ্যালেন। ফলে ৩৩ বল খেলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড।
টি-টোয়েন্টিতে আগের বিশ্বরেকর্ডের মালিক ছিলেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার ক্রিস গেইল। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন ইউনিভার্স বস।
টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের হয়েও দ্রুততম সেঞ্চুরিতে গ্লেন ফিলিপসকে পেছনে ফেলেছেন অ্যালেন। ২০২০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৬ বলে সেঞ্চুরি করেছিলেন ফিলিপস।
টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম সেঞ্চুরিতে তৃতীয় স্থানে আছেন ফিন অ্যালেন। এক্ষেত্রে এস্তোনিয়ার সাহিল চৌহান ২৭ বলে ও তুর্কির মুহাম্মদ ফাহাদ ২৯ বলে সেঞ্চুরি করে অ্যালেনের উপরে রয়েছেন। তবে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে টি-টোয়েন্টিতে যৌথভাবে দ্রুততম সেঞ্চুরির নজির গড়েন অ্যালেন। এর আগে ২০২৪ সালে গাম্বিয়ার বিপক্ষে ৩৩ বলে শতক হাঁকিয়েছিলেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।
নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরিতে কলিন মুনরোর রেকর্ড স্পর্শ করেছেন অ্যালেন। তিনটি করে সেঞ্চুরির মালিক এখন মুনরো ও অ্যালেন।
বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নক আউট পর্বে সেঞ্চুরি করলেন অ্যালেন। আগের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস ছিল শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশানের। ২০০৯ সালের বিশ্বকাপ সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ৯৬ রান করেছিলেন দিলশান।
গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৯ বলে হাফ-সেঞ্চুরি করে বিশ্বকাপের নক আউট পর্বে দ্রুততম অর্ধশতকের রেকর্ডও দখলে নিয়েছেন অ্যালেন। ফলে ভেঙে গেছে ভারতের যুবরাজের রেকর্ড। ২০০৭ সালে বিশ্বকাপের সেমিফাইনালে ২০ বলে হাফ-সেঞ্চুরি করেছিলেন যুবরাজ সিং।
সূত্র : বাসস



