বাংলাদেশকে বড় সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। ইতোমধ্যে গড়ে দিয়েছেন ভিত। শতরানের জুটি গড়েছেন দু’জনে, দু’জনেই পেয়েছেন ফিফটি।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মিরপুরে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টসে হেরে আগে ব্যাট করছে টাইগাররা। ৪৫ ওভারে ২ উইকেট হারিয়ে তারা তুলেছে ১৭১ রান।
তবে শুরুটা ভালো হয়নি, ৩১ রানে ২ উইকেট হারায় দল। উদ্বোধনী জুটি ভাঙে ৬.১ ওভারে ১৮ রানে। মাহমুদুল হাসান জয়কে (১৯ বলে ৮) ফেরান শাহীন শাহ আফ্রিদি।
এরপর থিতু হয়ে ফিরেন সাদমান ইসলামও। ১১তম ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই তাকে (৩০ বলে ১৩) স্লিপে ফেরান হাসান আলী। তবে এরপর হাল ধরেন শান্ত ও মুমিনুল।
দু’জনে মিলে মধ্যাহ্নভোজের আগেই দলকে পৌঁছে দেন তিন অঙ্কে। বিরতির পরও দলকে টানছেন তারা। ৩১তম ওভারে ৭১ বলে ফিফটি তুলে নেন শান্ত। শেষ ৮ ইনিংসে যা তার চতুর্থ ফিফটি, যার তিনটিই সেঞ্চুরি।
অবশ্য আজকেও শতকের পথেই হাঁটছেন তিনি। ১১০ বলে ৮৪ রানে ব্যাট করছেন শান্ত। অন্যদিকে ১০২ বলে ফিফটি তুলে নিয়েছেন মুমিনুল হকও। যা তার টানা চতুর্থ ফিফটি।
যদিও ফিফটির ইনিংসগুলো শতকে রূপ দিতে পারেননি তিনি। আজ সেঞ্চুরি পান কি না, এখন সেটাই দেখার অপেক্ষা। এখন ব্যাট করছেন ১১৬ বলে ৫৩ রানে।
সব মিলিয়ে তৃতীয় উইকেটে ১৪০ রানের জুটি গড়েছেন শান্ত ও মুমিনুল।



