শিরোপা থেকে ৬৯ রান দূরে দক্ষিণ আফ্রিকা

১১টি চারে ১৫৯ বলে ১০২ রানে অপরাজিত আছেন মার্করাম। ১২১ বল খেলে ৫টি চারে অনবদ্য ৬৫ রান করেছেন বাভুমা।

নয়া দিগন্ত অনলাইন

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের শিরোপা জয় থেকে ৬৯ রান দূরে দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকা।

ইংল্যান্ডের লর্ডসে চলমান ফাইনালে অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেয়া ২৮২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ওপেনার আইডেন মার্করামের সেঞ্চুরিতে ২ উইকেটে ২১৩ রান করেছে দক্ষিণ আফ্রিকা। শিরোপা নিশ্চিতে ম্যাচের বাকি দু’দিনে ৮ উইকেট হাতে নিয়ে আর ৬৯ রান করতে হবে প্রোটিয়াদের।

প্রথম ইনিংস থেকে পাওয়া ৭৪ রানের লিডকে সাথে নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিন শেষে ৮ উইকেটে ১৪৪ রান করে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

তৃতীয় দিন বাকি ২ উইকেটে ৬৩ রান যোগ করে ২০৭ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ব্যক্তিগত ১৬ রান নিয়ে খেলতে নেমে ৫৮ রানে অপরাজিত থাকেন লোয়ার অর্ডার ব্যাটার মিচেল স্টার্ক। শেষ ব্যাটার হিসেবে ১৭ রানে আউট হন জশ হ্যাজেলউড। দক্ষিণ আফ্রিকার দুই পেসার কাগিসো রাবাদা ৪টি ও লুঙ্গি এনগিডি ৩ উইকেট নেন।

২৮২ রানের টার্গেটে খেলতে নেমে দলীয় ৯ রানে ওপেনার রায়ান রিকেলটনকে হারায় দক্ষিণ আফ্রিকা। ৬ রানে আউট হন রিকেলটন।

এরপর দ্বিতীয় উইকেটে ৬১ রানের জুটি গড়েন মার্করাম ও ওয়াইন মুল্ডার। ২৭ রান করে ফিরেন মুল্ডার।

দলীয় ৭০ রানে মুল্ডার ফেরার পর অধিনায়ক তেম্বা বাভুমাকে নিয়ে ২৩২ বলে ১৪৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন মার্করাম। এই জুটিতে টেস্টে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নেন মার্করাম।

১১টি চারে ১৫৯ বলে ১০২ রানে অপরাজিত আছেন মার্করাম। ১২১ বল খেলে ৫টি চারে অনবদ্য ৬৫ রান করেছেন বাভুমা।

অস্ট্রেলিয়ার পেসার স্টার্ক ২ উইকেট নেন।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ২১২ এবং দক্ষিণ আফ্রিকা ১৩৮ রান করেছিল দক্ষিণ আফ্রিকা।