ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দিনেই অলআউট পাকিস্তান

জবাবে ৩৬ রানের সূচনার পর ৪৮ রানে দ্বিতীয় উইকেট হারায় ইংল্যান্ড। দুই ওপেনার বেন ডাকেট ১৫ এবং এমিলিয়ো গে ৩৩ রানে বিদায় নেন।

নয়া দিগন্ত অনলাইন
পাকিস্তানের ব্যাটাররা সুবিধা করতে পারেননি
পাকিস্তানের ব্যাটাররা সুবিধা করতে পারেননি |ক্রিকইনফো থেকে নেয়া ছবি

দুই পেসার জশ টাং ও ওলি রবিনসনের বোলিং তোপে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন ১৭১ রানে অলআউট হয়েছে সফরকারী পাকিস্তান। টাং ও রবিনসন সমান ৫টি করে উইকেট শিকার করেন।

জবাবে প্রথম দিন শেষে ২ উইকেটে ১১২ রান করেছে ইংল্যান্ড। ৮ উইকেট হাতে নিয়ে ৫৯ রানে পিছিয়ে আছে ইংলিশরা।

লিডসে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে রবিনসনের তোপে ৬ রানে ২ উইকেট হারায় পাকিস্তান। ইনিংসের প্রথম বলে সাজঘরে ফেরেন ওপেনার আজান আওয়াইস। রানের খাতা খুলে ৫ রানে বিদায় নেন শান মাসুদ।

তৃতীয় উইকেটে ৯১ রানের জুটিতে শুরুর ধাক্কা সামলে ওঠেন আরেক ওপেনার ইমাম উল হক ও আব্দুল্লাহ শফিক। ৯৭ থেকে ১১৮ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে আবারো চাপে পড়ে পাকিস্তান। এ সময় ইমামকে ৪২ রানে টাং এবং শফিককে ৬১ ও সৌদ শাকিলকে ৫ রানে আউট করেন রবিনসন।

১১৮ রানে পঞ্চম উইকেট পতনের পর টাংয়ের পেস সামলাতে পারেনি পাকিস্তানের পরের দিকের ব্যাটাররা। নিয়মিত বিরতিতে শেষ ৫ উইকেট হারিয়ে ৪৮.১ ওভারে ১৭১ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

পরের দিকে ভারপ্রাপ্ত অধিনায়ক সালমান আঘা ২১, খুররাম শাহজাদ ১৪ ও উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান ১২ রান করেন।

রবিনসন ৫১ রানে ও টাং ৪৬ রানে ৫টি করে উইকেট নেন। রবিনসন ২২তম ম্যাচে পঞ্চমবার এবং টাং ১৩ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে চতুর্থবার ইনিংসে ৫ উইকেট নেন।

জবাবে ৩৬ রানের সূচনার পর ৪৮ রানে দ্বিতীয় উইকেট হারায় ইংল্যান্ড। দুই ওপেনার বেন ডাকেট ১৫ এবং এমিলিয়ো গে ৩৩ রানে বিদায় নেন।

তৃতীয় উইকেটে ৬৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে প্রথম দিনের খেলা শেষ করেন জর্ডান কক্স ও অধিনায়ক জো রুট। কক্স ২৩ ও রুট ৩৭ রানে অপরাজিত থাকেন।

মোহাম্মদ আব্বাস ও মোহাম্মদ আলি ১টি করে উইকেট নেন।