দক্ষিণ আফ্রিকা সফরের সূচি প্রকাশ, পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ

সিরিজের কয়েক মাস আগেই সেই সিরিজের সূচি প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকা। সূচি অনুযায়ী, নভেম্বরের প্রথম সপ্তাহেই সেই দেশে পা রাখবেন লিটন-তাসকিনরা।

নয়া দিগন্ত অনলাইন
দক্ষিণ আফ্রিকা সফরের সূচি প্রকাশ
দক্ষিণ আফ্রিকা সফরের সূচি প্রকাশ |সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা সফর বেশ লম্বা হতে যাচ্ছে বাংলাদেশের জন্যে। নভেম্বরে দুই টেস্টের সাথে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে সেখানে যাবে টাইগাররা।

সিরিজের কয়েক মাস আগেই সেই সিরিজের সূচি প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকা। সূচি অনুযায়ী, নভেম্বরের প্রথম সপ্তাহেই সেই দেশে পা রাখবেন লিটন-তাসকিনরা।

দুই টেস্টের সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফর। ১৫-১৯ নভেম্বর জোহানেসবার্গে গড়াবে প্রথম টেস্ট। সেঞ্চুরিয়নে ২৩ নভেম্বর শুরু হবে সিরিজের দ্বিতীয় ম্যাচটি।

লাল বলের ক্রিকেটের লড়াই শেষে তিনটি ওয়ানডে খেলতে নামবে দুই দেশ। ১, ৪ ও ৭ ডিসেম্বর হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ম্যাচগুলো হবে যথাক্রমে ইস্ট লন্ডন, গেবেরহা ও কেপ টাউনে।

এরপর বাংলাদেশের সাথে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে স্বাগতিকেরা। ১০, ১২ ও ১৩ ডিসেম্বর হবে ম্যাচগুলো। যথাক্রমে কিম্বার্লি, বেনোনি ও সেঞ্চুরিয়নে হবে ম্যাচ তিনটি।

পূর্ণাঙ্গ সিরিজ শেষে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশে ফিরবেন লিটন দাস, মেহেদী মিরাজরা।

বাংলাদেশের পাশাপাশি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সিরিজের সূচিও প্রকাশ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। অক্টোবরে অজিদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টেস্ট খেলবে প্রোটিয়ারা।

আর বাংলাদেশ সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকা সফর করবে ইংল্যান্ড। তিন টেস্টের সাথে তিনটি ওয়ানডে খেলবেন বেন স্টোকস-হ্যারি ব্রুকরা। ১৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া সিরিজটি শেষ হবে ১৫ জানুয়ারি।