সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ সেপ্টেম্বর মাঠে গড়াবে এনসিএল টি-টোয়েন্টির তৃতীয় আসর। আসন্ন ঘরোয়া লিগটিতে নতুন করে এবার যুক্ত হচ্ছে আরো দুই ভেন্যু। সবমিলিয়ে তিন মাঠে হবে এবারের এনসিএল।
ইতোমধ্যে শেষ হয়েছে এনসিএলের ফিটনেস টেস্ট। দলগুলোও পূরণ করেছে তাদের খেলোয়াড় কোটা। আগামীকাল সোমবার থেকে প্রতিযোগী দলগুলো অনুশীলনও শুরু করতে যাচ্ছে বলেও জানা গেছে।
মূলত বিপিএলের আগে নিজেদের প্রমাণ করার মঞ্চ হিসেবেই দেখা হচ্ছে এনসিএল টি-টোয়েন্টিকে। তিনটা ভেন্যুতে আটটি দলে হবে এবারের খেলা। প্রতিটি দলে আছে ৩০ জন করে খেলোয়াড়।
আগেই নির্ধারণ হয়েছে আট দলের কোচও। এবারের আসরে ঢাকা বিভাগীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ মিজানুর রহমান বাবুল। ঢাকা মেট্রোর দায়িত্বে থাকবে সাবেক পেসার নাজমুল হোসেন।
খুলনা বিভাগের দায়িত্বে আছেন প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ব্যাটার তুষার ইমরান। রংপুরের দায়িত্বে আছেন সাইফুল ইসলাম খান। রাজশাহী বিভাগীয় দল সামলাবেন আব্দুল করিম জুয়েল।
বরিশালের কোচ হিসেবে থাকবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। চট্টগ্রামের দায়িত্বে আছেন মাহবুব আলী জ্যাকি। আর সিলেটের কোচ রাজিন সালেহ।
নির্ধারণ হয়েছে এনসিএলের আট দলের অধিনায়কও। ঢাকা বিভাগের অধিনায়কত্ব করবেন মাহিদুল ইসলাম অঙ্কন, ঢাকা মেট্রোর নাঈম শেখ, সিলেট বিভাগে জাকির হাসান, বর্তমান চ্যাম্পিয়ন রংপুর বিভাগের নেতৃত্বে আকবর আলি।
এছাড়া খুলনা বিভাগে মোহাম্মদ মিঠুন, চট্টগ্রাম বিভাগে ইয়াসির আলি চৌধুরী ও বরিশাল বিভাগের গুরুদায়িত্ব পালন করবেন ফজলে মাহমুদ রাব্বি।



