গত অক্টোবরে শেষ ওয়ানডে খেলেছিল বাংলাদেশ, এরপর গত চার মাসে আর পঞ্চাশ ওভারের ম্যাচ খেলেনি টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ দিয়ে শেষ হচ্ছে সেই লম্বা বিরতি।
পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। তবে লম্বা বিরতির প্রভাব দূর করতে দলকে মাঠে নামানোর আগে আরেকটু ঝালিয়ে নিতে চায় বিসিবি।
সে জন্য সিরিজ শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচ আয়োজন করেছে ক্রিকেট বোর্ড। ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি খেলবে মেহেদী মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ।
সূচি অনুযায়ী, আগামী ৯ মার্চ ঢাকায় পৌঁছাবে পাকিস্তান ক্রিকেট দল। এরপর মিরপুরে ১১, ১৩ ও ১৫ মাঠে গড়াবে তিন ম্যাচের সিরিজ। দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে তিনটি ম্যাচই।
সিরিজ সামনে রেখে আজ থেকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা পৌনে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুশীলন করবে টাইগাররা।
এরপর শনিবার দুপুর ২টা ১৫ মিনিটে মিরপুরেই বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ খেলবে মিরাজের দল। এরপর একদিন বিশ্রাম নিয়ে ৯ ও ১০ মার্চ আবার অনুশীলনে ফিরবে বাংলাদেশ।


