অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপ খেলবে বাংলাদেশের মেয়েরা

নিগার ৭টি চার হাঁকিয়ে ৪৪ বলে অপরাজিত ৫০ রান করেন, যা আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টিতে তার দশম ফিফটি। অন্যদিকে মোস্তারি ২৩ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করা বাংলাদেশের নারীরা বাছাই পর্বের শেষ ম্যাচেও ধরে রাখল জয়ের ধারা। তাতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই শেষ করল বাছাইপর্ব।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে নেপালের মুলপানিতে নেদারল্যান্ডস দলকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সব মিলিয়ে টানা ৭ ম্যাচ জিতলো টাইগ্রেসরা।

রোববার আগে ব্যাট করে মাত্র ১০২ রান করতে পারে ডাচরা। জবাবে ২০ বল আগেই ম্যাচ জিতে যায় জ্যোতির দল। চ্যাম্পিয়ন হয়েই আগামী জুন-জুলাইয়ে হতে যাওয়া বিশ্বকাপে খেলবে বাংলাদেশ।

এদিন টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই পিছিয়ে পড়ে ডাচ মেয়েরা। মাত্র ২৩ রানে ৫ উইকেট হারিয়ে বেরিয়ে আসে ইনিংসের লেজ। সেখান থেকে রবিন রাইক ও সানিয়া খুরানা গড়েন ৭৮ রানের জুটি।

তারা জুটি গড়ে দলকে এক শ’ পার করান। ইনিংসের শেষ ওভারে রাইক আউট হন ৪৫ বলে ৩৯ রান করে। আর ৩৭ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন সানিয়া।

৪ ওভারে এক মেডেনসহ মাত্র ১০ রানে ৩ উইকেট নেন নাহিদা। এছাড়া মারুফা আক্তার, স্বর্ণা আক্তার ও রাবেয়া খান নেন ১টি করে উইকেট।

রান তাড়ায় অবশ্য ভালো শুরু পায়নি বাংলাদেশ। দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস মাত্র ৬ রানেই ফিরে যান। এরপর শারমিন আক্তারকে নিয়ে ৪২ রানের জুটি গড়েন নিগার।

শারমিন ২৮ বলে ১৩ রান করে আউট হলে নিগারের সাথে জুটি বাঁধেন সোবহানা মোস্তারি। এই জুটিতেই নিশ্চিত হয় বাংলাদেশের জয়। ৩৭ বলের জুটিতে আসে ৫৭ রান।

নিগার ৭টি চার হাঁকিয়ে ৪৪ বলে অপরাজিত ৫০ রান করেন, যা আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টিতে তার দশম ফিফটি। অন্যদিকে মোস্তারি ২৩ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন।