নতুন রেকর্ড গড়লেন বিরাট কোহলি

এই রেকর্ড স্পর্শ করতে কোহলির সব মিলিয়ে লাগল ৪০৯ ইনিংস। এতদিন রেকর্ডটি যার ছিল, সেই ক্রিস গেইলের লেগেছিল ৪২৩ ইনিংস।

নয়া দিগন্ত অনলাইন
বিরাট কোহলি
বিরাট কোহলি |ফাইল ছবি

নতুন রেকর্ড গড়লেন বিরাট কোহলি। তবে ঠিক রেকর্ড বলা চলে না, নিজের রেকর্ডটাকেই নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। এবার পেরিয়েছেন ১৪ হাজার রানের মাইলফলক।

স্বীকৃত টি-টোয়েন্টিতে ভারতীয়দের মাঝে সবচেয়ে বেশি রানের রেকর্ড অনেক দিন ধরেই বিরাট কোহলির। এবার দেশটির প্রথম ব্যাটসম্যান হিসেবে ১৪ হাজার রানে পা রাখলেন তিনি।

তার আগে এই স্বাদ পেয়েছেন বিশ্বের আরো পাঁচজন, তবে কোহলির চেয়ে দ্রুততম এই মাইলফলকটি ছুঁতে পারেননি আর কেউ। গতকাল (বুধবার) সেঞ্চুরি হাঁকিয়ে এই কীর্তি গড়েন তিনি।

আইপিএলে টানা দুই শূন্যর পর বুধবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে রান তাড়ায় ম্যাচজয়ী সেঞ্চুরি উপহার দেন কোহলি। খেলেন ৬০ বলে অপরাজিত ১০৫ রানের ইনিংস।

মাইলফলকটি ছুঁতে রায়পুরে কোহলির প্রয়োজন ছিল ৭৮ রান। ৭২ থেকে দুটি চার মেরে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছান তিনি। পরে স্পর্শ করেন টি-টোয়েন্টিতে তার দশম ও আইপিএলে নবম সেঞ্চুরি।

এই রেকর্ড স্পর্শ করতে কোহলির সব মিলিয়ে লাগল ৪০৯ ইনিংস। এতদিন রেকর্ডটি যার ছিল, সেই ক্রিস গেইলের লেগেছিল ৪২৩ ইনিংস।

এ ছাড়া ডেভিড ওয়ার্নারের ৪৩১, জস বাটলারের ৪৬৮, অ্যালেক্স হেলসের ৫০৫ ও কাইরন পোলার্ডের ৬৩৩ ইনিংস লেগেছিল ১৪ হাজার রান করতে।