জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজে বাংলাদেশ জাতীয় দলের সাথে কাজ করেছিলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে এবার তিনি নতুন দায়িত্বে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন, যেখানে বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
সোমবার দেশ ছাড়ার আগে সালাউদ্দিন জানান, এইচপির দায়িত্বে থাকলেও জাতীয় দলের সাথে তার যোগাযোগ নিয়মিত থাকবে।
তিনি বলেন, ‘আমার জাতীয় দলের সাথে যোগাযোগ থাকবে। এমন না যে আমি একেবারেই ওদিক থেকে আলাদা। কারণ এই ছেলেগুলোর সাথে আমাদের একটা সংযোগ থাকবে।’
জাতীয় দলের সাথে নিজের সম্পৃক্ততার বিষয়টি ব্যাখ্যা করে তিনি আরো বলেন, ‘ভালো একটা যোগাযোগ থাকবে। জাতীয় দলে যারা আছে, তাদের তো কিছু আমাদেরই করাতে হবে। তাই আমাদের একটা যোগাযোগ সবসময় থাকবে। আমি কখনো নিজেকে মনে করি না যে আমি জাতীয় দলের বাইরে আছি।’
এইচপি দলের দায়িত্বকে ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন সালাউদ্দিন। তার মতে, তরুণ ক্রিকেটারদের আন্তর্জাতিক মান যাচাইয়ের এটি একটি বড় সুযোগ।
তিনি বলেন, ‘এটা এইচপি টিম, তাদের নিয়ে আমাদের ভবিষ্যতে অনেক বড় পরিকল্পনা আছে। যেহেতু এবার দু‘টি এইচপি দল বিদেশ সফরে যাচ্ছে—একটি অস্ট্রেলিয়ায়, অন্যটি দক্ষিণ আফ্রিকায়। এটা ছেলেদের জন্য বড় সুযোগ। তারা বুঝতে পারবে, আন্তর্জাতিক ক্রিকেটে তারা আসলে কোন অবস্থানে আছে।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই উদ্যোগের মাধ্যমে তরুণ ক্রিকেটারদের আন্তর্জাতিক পরিবেশে খেলার অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি ভবিষ্যতের জাতীয় দলের জন্য প্রস্তুত করে তোলার লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছে এইচপি কার্যক্রম।



