ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পেয়েছেন বাঁ-হাতি স্পিনার জশুয়া বিশপ। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫ ম্যাচ খেলে ১১৬ উইকেট শিকার করেছেন তিনি।
ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতা ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপের সর্বশেষ তিন মৌসুম মিলিয়ে সর্বোচ্চ ৯১ উইকেট শিকার করেছেন ২৬ বছর বয়সি বিশপ। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে দলের প্রয়োজনে জ্বলে উঠতে পারেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ২ সেঞ্চুরি ও ৪ হাফ-সেঞ্চুরিতে ৩০ দশমিক ৭৬ গড়ে ১০৪৬ রান করেছেন এই ডান-হাতি ব্যাটার।
ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে পারফরমেন্সের পুরস্কার হিসেবে দুই বছর পর ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলে ফিরেছেন ২৫ বছর বয়সী কার্ক ম্যাকেঞ্জি। সর্বশেষ ২০২৪ সালের জুলাইয়ে বার্মিংহামে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেছেন তিনি।
ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতা ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপের সর্বশেষ আসরে ছয় ইনিংসে ৬৪ দশমিক ৬০ গড়ে ৩২৩ রান করেছেন ম্যাকেঞ্জি। ২০২৩ সালে পোর্ট অব স্পেনে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেকের পর ৬ ম্যাচ খেলে এক হাফ-সেঞ্চুরিতে ২০৩ রান করেছেন তিনি।
বাঁ-হাতি ওপেনার জন ক্যাম্পবেলের জায়গায় সুযোগ পেয়েছেন ম্যাকেঞ্জি। সদ্যই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাঁ-হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন ক্যাম্পবেল।
ব্যক্তিগত কারণে টেস্ট দলে নেই পেসার আলজারি জোসেফ। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে খেলা টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েন অ্যান্ডারসন ফিলিপ।
শনিবার থেকে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান। এরপর পোর্ট অব স্পেনের ২ আগস্ট থেকে মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
পাকিস্তান সিরিজে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল
রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, ত্যাগনারায়ন চন্দরপল, জশুয়া দা সিলভা, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, শাই হোপ, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রান্ডন কিং, কার্ক ম্যাকেঞ্জি, কিমো পল, কেমার রোচ ও জেইডেন সিলেস।



