পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, চাপের মুখে জরুরি সভার ডাক আইসিসির

ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে না গড়ালে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়বে আইসিসি। প্রায় ২০০ কোটি ভারতীয় রুপি লোকসান হতে পারে তাদের। এমতাবস্থায় কী পদক্ষেপ নেবে আইসিসি, তা জানতে এখন অপেক্ষা।

নয়া দিগন্ত অনলাইন

আইসিসিকে বিপাকে ফেলে দিয়েছে পাকিস্তান। বাংলাদেশ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জনের পর ‘ম্যান ইন গ্রিনরা’ বয়কট করেছে ভারত ম্যাচ। সব মিলিয়ে অস্থিরতা বিরাজ করছে এখন বিশ্ব ক্রিকেট অঙ্গনে।

পাকিস্তানের এমন কঠোর সিদ্ধান্ত হতচকিত করে দিয়েছে আইসিসিকে। এমতাবস্থায় জরুরি সভা ডেকেছে ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি আইসিসি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মাঝে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। যদিও বৈঠকে কারা অংশ নেবেন সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

খবরে বলা হয়েছে, এই বৈঠকে পাকিস্তানের বিপক্ষে একাধিক নিষেধাজ্ঞার সিদ্ধান্ত আসতে পারে। সবচেয়ে বেশি সম্ভাবনা দ্বিপক্ষীয় সিরিজ খেলায় নিষেধাজ্ঞা আসার।

পাশাপাশি বাতিল হতে পারে তাদের এশিয়া কাপে অংশগ্রহণের সুযোগ। একইসাথে পাকিস্তান সুপার লিগে বিদেশী খেলোয়াড়দের অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় এনওসি বন্ধ হওয়ার আশঙ্কাও রয়েছে।

এছাড়া আইসিসির কাছ থেকে পিসিবির বছরে সাড়ে ৩৪ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা পাওয়াও বন্ধ হতে পারে। সব মিলিয়ে পাকিস্তানকে কোণঠাসা করতে সব অস্ত্রই তৈরি আছে আইসিসির।

অবশ্য পাকিস্তান দলও নিশ্চয়ই বুঝেশুনেই সিদ্ধান্ত নিয়েছে। ফলে আপাতত কী হতে যাচ্ছে তা বলা কঠিন। তার জন্য অপেক্ষা কর‍তে হবে আইসিসির বৈঠক শেষ হওয়া পর্যন্ত।

উল্লেখ্য, ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে দশম টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি। এর আগে নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে খেলতে অস্বীকৃতি জানায় বিসিবি।

ফলে টুর্নামেন্ট থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়। আইসিসির এমন অবস্থানকে দ্বিচারিতা হিসেবে উল্লেখ করে প্রতিবাদ জানায় পাকিস্তান। যার জেরে এবার ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয় তারা।

রোববার রাতে এক বিবৃতিতে পাকিস্তান সরকার জানায়, ভারতের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচটি তারা খেলবে না। তাদের এমন ঘোষণার পর উত্তপ্ত হয়ে উঠেছে ক্রিকেটপাড়া।

ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে না গড়ালে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়বে আইসিসি। প্রায় ২০০ কোটি ভারতীয় রুপি লোকসান হতে পারে তাদের। এমতাবস্থায় কী পদক্ষেপ নেবে আইসিসি, তা জানতে এখন অপেক্ষা।