সাদা পোশাকে দেশের বাইরে গত মৌসুমটা দারুণ কেটেছে বাংলাদেশের। ৬ ম্যাচে জয় পায় তিনটিতে। তবে ঘরের চেনা মাঠে অচেনা ছিল টাইগাররা, সমান ম্যাচে ছিল মাত্র ১ জয়।
বিষয়টা নিয়ে হতাশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। মিরপুরে শুক্রবার পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের আগে আজ সংবাদ সম্মেলনে এসে সেই প্রসঙ্গেই বলেছেন তিনি।
শান্ত বলেন, ‘অধিনায়ক হিসেবে চাইব যে ঘরের মাঠে বেশিরভাগ ম্যাচগুলো যেন আমরা জিতি এই চক্রে। ব্যাটসম্যান হিসেবে আমি ব্যক্তিগতভাবে যেটা চাই দলের কাছ থেকে, প্রথম ইনিংসে আমরা যেন ভালো ক্রিকেট খেলি সবসময়। এই চ্যালেঞ্জটা যদি আমরা ঠিকভাবে নিতে পারি, আমার মনে হয় এই চক্রটা আরো ভালো হবে।’
এর পেছনে বড় কারণ ব্যাট হাতে ব্যর্থতা। নিজেদের মাঠেই ব্যাট হাতে ধুঁকেছে ব্যাটাররা। গত মৌসুমে ঘরের মাঠে মাত্র একবার তিন শ’ রান পেরিয়েছে টাইগাররা।
নিউজিল্যান্ডের বিপক্ষে ৩১০ রানের ইনিংসের সেই ম্যাচটি বাদ দিলে অন্য কোনো ম্যাচে ২০০ রানও করতে পারেনি! অধিনায়ক নাজমুল হোসেন শান্তর আক্ষেপের জায়গাও ঠিক এটাই।
‘আমরা যদি চার শ’র বেশি রান করতে পারি, সেটা দলের জন্য খুব ভালো। একটা জিনিস বুঝতে হবে, একেকজনের খেলার ধরন একেক রকম। আমি চাই না যে কেউ তা পরিবর্তন করুক।’
‘যে যেভাবে খেলতে পছন্দ করে, সে সেভাবেই খেলুক। রান করাটাই গুরুত্বপূর্ণ। ৮০ ওভারে যদি আমরা ৪০০ করতে পারি কোনো সমস্যা নেই, যদি কেউ ১২০ ওভার লাগায়, তাতেও আমার কোনো সমস্যা নেই।’
শান্তর লক্ষ্য পূরণে বড় অন্তরায় হতে পারে মিরপুরের মাটি। স্বভাবজাতভাবেই এখানে রানের পরিমাণ খানিকটা কম। বোলাররাই সুবিধা পেয়ে থাকেন বেশি। তবে শান্তর প্রত্যাশা উইকেটের চরিত্র বদলাবে এবার।
‘সম্প্রতি যদি মিরপুরের উইকেট দেখেন, বিশেষত সাদা বলের ক্রিকেট, আমরা যে কয়েকটা সিরিজ খেললাম আগের থেকে অনেক ভালো উইকেটে। এখন আশা করা যেতে পারে ব্যাটসম্যানরা আরেকটু ভালো ব্যাটিং করতে পারবে।’



