ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানা করা হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে।
ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও দেয়া হয়েছে পান্ডিয়াকে।
ইনজুরির কারণে চলতি আইপিএলে কয়েকটি ম্যাচে খেলতে পারেননি পান্ডিয়া। ইডেন গার্ডেন্সে কোলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরেই শাস্তির মুখে পড়লেন তিনি।
কোলকাতা ইনিংসের দশম ওভারের চতুর্থ বল করার সময় উইকেটের দু’টি বেল আঙুল দিয়ে টোকা মেরে ফেলে দেন পান্ডিয়া। এমন কাজ করার জন্য শাস্তির মুখে পড়লেন তিনি।
আইপিএলের আচরণবিধির ধারায় বলা হয়েছে, ‘ম্যাচ চলাকালীন ক্রিকেট সরঞ্জাম বা পোশাক, মাঠের সরঞ্জাম ও ফিটিংসের অপব্যবহারের’ কথা। পরে নিজের ভুল স্বীকার করেন এবং ম্যাচ রেফারির দেয়া শাস্তি মেনে নেন পান্ডিয়া।
পান্ডিয়ার শাস্তি পাওয়া ম্যাচে কোলকাতার কাছে ৪ উইকেটে হারে মুম্বাই। চলতি আইপিএল থেকে আগেই বিদায় নিশ্চিত হয়েছে মুম্বাইয়ের। এখন পর্যন্ত ১৩ ম্যাচ খেলে ৪ জয় ও ৯ হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে আছে মুম্বাই।
আগামী রোববার লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে মুম্বাই। বাসস



