ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে দল পেয়েছেন বাংলাদেশ বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার লন্ডনে অনুষ্ঠিত দ্য হান্ড্রেডের নিলামে ভিত্তিমূল্য ১ লাখ পাউন্ড বা বাংলাদেশী মুদ্রায় ১ কোটি ৬৫ লাখ টাকায় মোস্তাফিজকে দলে নেয় বার্মিংহ্যাম ফিনিক্স।
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই প্রতিযোগিতায় খেলার সুযোগ মোস্তাফিজের সামনে। এখন পর্যন্ত দেশের বাইরে আইপিএল, পিএসএল, আইএল টি-টোয়েন্টি ও লঙ্কান প্রিমিয়ার লিগে খেলেছেন মোস্তাফিজ।
নিলামের তৃতীয় ও শেষ ধাপে নাম ওঠে মোস্তাফিজের। বার্মিংহাম ছাড়া আট ফ্র্যাঞ্চাইজির কেউ ফিজকে দলে নিয়ে আগ্রহ দেখায়নি।
দ্য হান্ড্রেডের নিলামে নাম লিখিয়েছিলেন বাংলাদেশের ২৩ জন ক্রিকেটার। তবে চূড়ান্ত তালিকায় স্থান পায় মোস্তাফিজ ও রিশাদ হোসেন। নিলামে রিশাদকে তোলা হলেও কেউ তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি। রিশাদের ভিত্তিমূল্য ছিল ৭৫ হাজার পাউন্ড।
প্লেয়ার ড্রাফট থেকে বেরিয়ে এবারই প্রথম অনুষ্ঠিত হয়েছে দ্য হান্ড্রেডের নিলাম।
২০২১ সালে প্রথম দ্য হান্ড্রেড ক্রিকেটের পথচলা শুরু হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত পাঁচটি আসর অনুষ্ঠিত হয়েছে।
আগামী ২১ জুলাই থেকে শুরু হবে এক শ’ বলের প্রতিযোগিতার ষষ্ঠ আসর। যা চলবে ১৬ আগস্ট পর্যন্ত।



