৫ বলে ৫ উইকেট! অবিশ্বাস্যই বটে। তবে আজ রোববার এমনই অভূতপূর্ব এক কীর্তির সাক্ষী হলো ক্রিকেট, যা ২৫৪ বছরের প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে আগে কখনো হয়নি।
নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের অখ্যাত এক বোলার ব্রেট র্যান্ডেল গড়েছেন এমন কীর্তি। পরপর পাঁচ বলে পাঁচটি উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি।
প্লানকেট শিল্ডের চার দিনের ম্যাচের দ্বিতীয় দিনে র্যান্ডেল এই ঘটনা ঘটান। ম্যাকলিন পার্কে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে নর্দার্ন ডিস্ট্রিক্টসের বিপক্ষে এই আগুন ঝড়া বোলিং প্রদর্শন করেন তিনি।
অথচ এই ম্যাচে তার খেলারই কথা ছিল না। চোটের কারণে খেলতে পারেননি দুই বোলার, আরো দু’জন অনুপস্থিত ছিলেন ব্যক্তিগত কারণে। সেই সুযোগই অবিশ্বাস্যভাবে কাজে লাগালেন র্যান্ডেল।
৩০ বছর বয়সী এই বোলার তার দ্বিতীয় ওভারের শেষ বলে হেনরি কুপারকে বোল্ড করেন। এরপর তৃতীয় ওভারের প্রথম বলেই ফেরান জিত রাভালকে। এরপর পরপর তিনটি বলে আরো তিনটি উইকেট নেন র্যান্ডেল।
ক্রিকেট পরিসংখ্যান ও ইতিহাস নিয়ে কাজ করা সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব ক্রিকেট স্ট্যাটিস্টিশিয়ান্স অ্যান্ড হিস্টোরিয়ান্স’-এর রেকর্ড বলছে, ১৭৭২ সালে প্রথম শ্রেণির ক্রিকেট নথিভুক্ত হওয়ার পর কেউ এই কাজ করতে পারেননি।
বিশ্ব রেকর্ড গড়া বোলিংয়ে বিনা উইকেটে ৪ রান থেকে নর্দান ডিস্ট্রিক্টসের রান হয়ে যায় চোখের পলকে ৫ উইকেট হারিয়ে মাত্র ৯। র্যান্ডেলের বোলিং বিশ্লেষণ তখন ২.৪-১-২-৫!
শুধু তাই নয়, সেই ওভারের শেষ বলে আরো একটা উইকেট নেন র্যান্ডেল। অর্থাৎ ৮ বলের মাঝে ৬ উইকেট শিকার হন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটেও এমন ঘটনা প্রথম। এরপর নিয়েছেন আরো এক উইকেট।
র্যান্ডেল ইনিংস শেষ করেন ২৫ রানে ৭ উইকেট নিয়ে। তার ক্যারিয়ার সেরা বোলিং এটি। প্রথম শ্রেণির ক্যারিয়ারে আগের ৩৭ ম্যাচে তার উইকেট ১০৩টি। ইনিংসে ৫ উইকেট ছিল মাত্র ২ বার।
প্রথম শ্রেণির ক্রিকেটে র্যান্ডেল প্রথম হলেও স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে আগে এই কীর্তি গড়েছেন কার্টি ক্যাম্ফার। আইরিশ তারকা গত জুলাইয়ে ডাবলিনে ইন্টার-প্রভিন্সিয়াল টি-টোয়েন্টি ট্রফিতে এমন কীর্তি গড়েন।
পুরুষদের আগে অবশ্য নারী ক্রিকেটে দেখা গেছে এমন কীর্তি। জিম্বাবুয়ের কেলিস এনডিলোভু এই নজির দেখান ২০২৪ সালে ক্রিকেট উইমেন’স টি-টোয়েন্টি কাপে। প্রথম বোলার হিসেভে ৫ বলে ৫ উইকেট নেন তিনি।
৫ বলে ৫ উইকেট প্রথম বলেও প্রথম শ্রেণির ক্রিকেটে টানা ৪ বলে উইকেটের নজির আছে ৪৪টি। যেখানে বাংলাদেশেরও আছেন একজন। ২০১৪ সালে বাংলাদেশ ক্রিকেট লিগে মধ্যাঞ্চলের হয়ে টানা ৪ বলে উইকেট নিয়েছিলেন মাহমুদউল্লাহ।


