দক্ষিণ আফ্রিকার কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ নারী ইমার্জিং দল।
গতরাতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের কাছে ৩৮ রানে হারে বাংলাদেশ।
সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচ ৬৫ রানে হেরেছিল বাংলাদেশ নারী ইমার্জিং দল। ফলে ২-০ ব্যবধানে সিরিজ হারল বাংলাদেশ।
পিটারমারিজবার্গে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ফে টুনিক্লিফের সেঞ্চুরির পরও ৪৩ দশমিক ২ ওভারে ২২৮ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। টুনিক্লিফ ১৪ চার ও ২ ছক্কায় ৯৫ বলে ১১৬ রান করেন।
দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ২৯ রান করেন শেষ ব্যাটার কেটলিন উইনগার্ড।
বল হাতে বাংলাদেশের দিশা বিশ্বাস ৪টি, হাবিবা ইসলাম ৩টি এবং সাবিকুন নাহার জেসমিন-জান্নাতুল ফেরদৌস ও আফিয়া আসিমা ১টি করে উইকেট নেন।
জবাবে ৫৬ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তৃতীয় উইকেটে ৬৯ রানের জুটি গড়ে বাংলাদেশকে লড়াইয়ে ফেরান রুবিয়া হায়দার ও জান্নাতুল ফেরদৌস।
দলীয় ১২৫ রানে রুবিয়া আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৯ দশমিক ৩ ওভারে ১৯০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ৬৫ রানে শেষ ৮ উইকেট হারায় তারা।
রুবিয়া ৪৫, জান্নাতুল ৩৫ ও শেষ দিকে হাবিবা ২৫ রান করেন। দক্ষিণ আফ্রিকার তিন বোলার ২টি করে উইকেট নেন।
সূত্র : বাসস



