রমজানে ৮ হাজার মানুষকে ইফতার সামগ্রী দেবেন ক্রিকেটার বিথি

গত বছর পবিত্র রমজান মাসে ছয় হাজার দরিদ্র ও দুস্থ মানুষকে উচ্চমানের স্বাস্থ্যকর ইফতার সামগ্রী সরবরাহ করেছিলেন তিনি।

নয়া দিগন্ত অনলাইন
রোজাদার দরিদ্র, এতিম ও অসহায় মানুষকে ইফতার সামগ্রী সরবরাহের উদ্যোগ নিয়েছেন রংপুরের নারী ক্রিকেটার ও স্বেচ্ছাসেবক আরিফা জাহান বিথি
রোজাদার দরিদ্র, এতিম ও অসহায় মানুষকে ইফতার সামগ্রী সরবরাহের উদ্যোগ নিয়েছেন রংপুরের নারী ক্রিকেটার ও স্বেচ্ছাসেবক আরিফা জাহান বিথি |সংগৃহীত

পবিত্র রমজান মাসে জেলাজুড়ে ৮ হাজার রোজাদার দরিদ্র, এতিম ও অসহায় মানুষকে ইফতার সামগ্রী সরবরাহের উদ্যোগ নিয়েছেন রংপুরের ২৮ বছর বয়সী নারী ক্রিকেটার ও স্বেচ্ছাসেবক আরিফা জাহান বিথি।

গত বছর পবিত্র রমজান মাসে ছয় হাজার দরিদ্র ও দুস্থ মানুষকে উচ্চমানের স্বাস্থ্যকর ইফতার সামগ্রী সরবরাহ করেছিলেন তিনি।

উইমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি (ডব্লিউডিসিএ) রংপুর এবং হিউম্যানিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিথি, কোভিড-১৯ মহামারির পর থেকে বহুমাত্রিক সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড এবং দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য খ্যাতি অর্জন করেছেন।

বিথি বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে সমাজের নিম্ন, মধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষের অবস্থা হতাশাজনক। একই সাথে ইফতার সামগ্রীর দামও বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে মধ্যবিত্ত শ্রেণির মানুষসহ অসহায়, দুস্থ, বেকার, শ্রমিক এবং দিনমজুররা সমস্যায় পড়েছেন। যারা একদিনও কাজ করেন না, তারাই সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। এ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য, আমি তাদের ইফতার সামগ্রী এবং খাদ্য সহায়তা প্রদানের মতো মানবিক কার্যক্রম হাতে নিয়েছি। বাসস