বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া

পাকিস্তান সিরিজ শেষে ৯ জুন থেকে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে এবং ১৭ জুন থেকে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে অস্ট্রেলিয়া। ২১ জুন বাংলাদেশ সফর শেষ হবে অজিদের।

নয়া দিগন্ত অনলাইন
অস্ট্রেলিয়া দল
অস্ট্রেলিয়া দল |ফাইল ছবি

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। পাকিস্তান সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের সূচি চূড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

রাওয়ালপিন্ডিতে ৩০ মে ওয়ানডে সিরিজ দিয়ে পাকিস্তান সফর শুরু করবে অস্ট্রেলিয়া। এরপর ২ জুন সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে দু’দল। ৪ জুন তৃতীয় ও শেষ ওয়ানডে দিয়ে সিরিজ শেষ হবে। সিরিজের শেষ দুই ম্যাচ হবে লাহোরে।

২০২২ সালে সর্বশেষ পাকিস্তানের মাটিতে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলছিল অস্ট্রেলিয়া। তিন ম্যাচের ওই সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিল অজিরা। ওই সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া।

চলতি বছরের জানুয়ারিতে পাকিস্তান সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয় অস্ট্রেলিয়া।

এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলতে পাকিস্তান সফর করেছিল অস্ট্রেলিয়া। লাহোরে ইংল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে দু’টি ম্যাচ খেলে অজিরা।

পাকিস্তান সিরিজ শেষে ৯ জুন থেকে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে এবং ১৭ জুন থেকে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে অস্ট্রেলিয়া। ২১ জুন বাংলাদেশ সফর শেষ হবে অজিদের।

পাকিস্তান সফরে অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজের সূচি
৩০ মে : প্রথম ওয়ানডে (রাওয়ালপিন্ডি)

২ জুন : দ্বিতীয় ওয়ানডে (লাহোর)

৪ জুন : তৃতীয় ওয়ানডে (লাহোর)