বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও মানসিক নির্যাতনের যে অভিযোগ এনেছিলেন জাহানারা আলম, তার তদন্ত শেষ হয়েছে।
গত ৩১ জানুয়ারি তদন্ত কার্যক্রম শেষ করে আজ সোমবার (২ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে বিসিবির কাছে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেছে কমিটি। এবার বিসিবি কী ব্যবস্থা নেয়, তা দেখার পালা।
তদন্ত কমিটির চেয়ারম্যান বিচারপতি তারিক উল হাকিম, সদস্য ব্যারিস্টার মুহাম্মদ মুস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা ও বিসিবি পরিচালক রুবাবা দৌলা উপস্থিত থেকে প্রতিবেদনটি বিসিবি সভাপতি আমিনুল ইসলামের হাতে তুলে দেন।
তদন্ত কমিটির আরেক সদস্য অধ্যাপক ডা: নাঈমা হক বিদেশে অবস্থান করায় এ সময় থাকতে পারেননি। তবে অন্যান্য বোর্ড সদস্যরাও উপস্থিত ছিলেন।
এই প্রসঙ্গে তদন্ত কমিটির চেয়ারম্যান বিচারপতি তারিক উল হাকিম বলেন, ‘কমিটি নির্ধারিত সময়ের মাঝে অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিতভাবে অনুসন্ধান সম্পন্ন করেছে এবং আজ তা আনুষ্ঠানিকভাবে বিসিবির কাছে জমা দেয়া হয়েছে। প্রতিবেদনটি এখন বোর্ডের অভ্যন্তরীণ প্রক্রিয়ার আওতায় পর্যালোচনা করা হবে এবং পরবর্তী করণীয় নির্ধারণে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হবে।’
উল্লেখ্য, গেল বছরের নভেম্বরে প্রকাশ্যে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রারীসহ বেশ কিছু গুরুতর অভিযোগ তোলেন জাহানারা। যার জেরে উত্তপ্ত হয়ে ওঠে ক্রিকেট পাড়া। এমতাবস্থায় একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে বিসিবি। প্রায় ৫০ দিনের তদন্ত শেষে আজ আনুষ্ঠানিকভাবে রিপোর্ট বিসিবির হাতে তুলে দিলো দায়িত্বশীলরা।



