পাকিস্তান সিরিজের প্রথম ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

বাংলাদেশ চার মাস পর ওয়ানডে ক্রিকেটে ফিরছে, পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে মিডল-অর্ডারে লিটন দাস এবং আফিফ হোসেনের সংযোজনের সম্ভাবনা রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ফাইল ছবি

চার মাসের বেশি সময় পর ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ বুধবার পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। খেলা শুরু দুপুর সোয়া ২টায়।

স্বাভাবিকভাবেই তাই এই সিরিজে বাংলাদেশ দল বেশ কিছু পরিবর্তনের মধ্য দিয়ে যাবে। একাদশেও তাই দেখা যেতে পারে বৈচিত্র। যেখানে সবচেয়ে বড় চমক হতে পারেন লিটন দাস।

নিয়মিত টপ-অর্ডার ব্যাটার লিটন দাসকে আনা হতে পারে মিডল-অর্ডারে। শেষ কয়েক বছর ধরে মিডল-অর্ডারে ব্যর্থতার অ্যান্টিডোট হিসেবেই তাকে আনা হতে পারে এই জায়গায়।

মিডল-অর্ডারের দুর্বলতা কাটিয়ে উঠতে আফিফ হোসেনকেও ফেরানো হয়েছে। এছাড়া বারবার ভিন্ন ভিন্ন জায়গায় ব্যাট করা অধিনায়ক মেহেদী মিরাজ এবার থিতু হতে যাচ্ছেন সাত নম্বরে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে স্পিন রাজত্ব চলেছে। এমনকি শেষ ওয়ানডেতে বাংলাদেশ খেলেছিল এক পেসার নিয়ে। এবার অবশ্য সে কৌশল থেকে সরে আসবে দল।

প্রধান কোচ ফিল সিমন্স যদিও ঘোষণা দিয়েছেন, তিন পেসার নিয়ে একাদশ গঠনের।

তবে তা না হলেও অন্তত দুই পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান খেলবেন নিশ্চিতভাবেই।

বাংলাদেশ কোচের সবচেয়ে বড় পরীক্ষা হবে ওপেনার নির্বাচন নিয়ে। সাইফ হাসানের সাথে তানজিদ তামিম নাকি সৌম্য সরকার- এ নিয়ে তাকে ভাবতে হবে।

তবে প্রস্ততি ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে একটু এগিয়েই আছেন তামিম। আর সৌম্য সরকার নিজের শেষ ওয়ানডে ম্যাচে খেলেছিলেন ৯১ রানের ইনিংস।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

সাইফ হাসান, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, আফিফ হোসেন, তাওহীদ হৃদয়, মেহেদী মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান