যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু বাংলাদেশের

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ শুভ সূচনা করেছে, উদ্বোধনী ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়েছে। সুপ্তা মিয়া ৬৩ রানে হাফ সেঞ্চুরি করেন এবং নাহিদা আক্তার ও রিতু মনি ৪ উইকেট শিকার করেন।

নয়া দিগন্ত অনলাইন
জয় দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু বাংলাদেশের
জয় দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু বাংলাদেশের |সংগৃহীত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে শুভ সূচনা পেল বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে যুক্তরাষ্ট্র নারী দলকে হারিয়েছে তারা। নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে ২১ রানে জিতেছে টাইগ্রেসরা।

রোববার সকালে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ৯ উইকেটে ১৩৭ রানে থামে যুক্তরাষ্ট্রের ইনিংস।

ব্যাট করতে নেমে ভালোই শুরু পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ২৬ রান যোগ করেন দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস। দু’জনই ফিরেছেন ১৭ রান করে। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি নিগার সুলতানা জ্যোতিও (২)।

বিপর্যয়ের মুখে দলের হাল ধরেন সোবহানা মোস্তারি ও শারমিন আক্তার। সোবহানা ৩২ রান করে ফিরলে ভাঙে ৬৩ রানের জুটি। এরপর স্বর্ণা আক্তার ও সুপ্তা মিলে আরো কিছু রান যোগ করেন।

হাফ সেঞ্চুরি করে সুপ্তা ফেরেন ৩৯ বলে ৬৩ রান করে। তার ইনিংসজুড়ে একটি ছক্কা ও ৮টি চার ছিল। তার বিদায়ের পর স্বর্ণা ও রাবেয়া খানের ব্যাটে দেড়শ পাড় করে বাংলাদেশ। স্বর্ণা ১৬ রান নিয়ে অপরাজিত থাকেন।

যুক্তরাষ্ট্রের হয়ে মাহি মাধাভান নেন সর্বোচ্চ ৩ উইকেট। ২টি উইকেট পান ইসানি ভাগেলা।

লক্ষ্য তাড়ায় করতে নেমে দিশা ও চেতনা মিলে গড়েন ৪২ রানের জুটি। তবে এই জুটি ভাঙার পর তাসের ঘরের মতো ভেঙে পরে যুক্তরাষ্ট্রের ব্যাটিং লাইনআপ। এর মাঝেই দলটির হয়ে সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেন রেড্ডি পাগিডিয়ালা।

এর বাইরে ১৩ বলে ৩৩ রান করেন প্রিয়া সিং। বাংলাদেশের হয়ে ৪ উইকেট নেন নাহিদা আক্তার ও ৩ উইকেট নেন রিতু মনি। তাতেই লড়াইয়ের সুযোগ হারায় যুক্তরাষ্ট্র। ২টি উইকেট নিয়েছেন রাবেয়া খান।