দ্য হান্ড্রেডে পাকিস্তানিদের বাদ দেয়া হলে বিক্ষোভের হুঁশিয়ারি মইন আলীর

‘এক্ষেত্রে পাকিস্তানি বংশোদ্ভূত হোন বা না হোন, সকলের এগিয়ে আসা উচিত। তবে আমরা জানি না, কী হতে চলেছে। এই ধরনের ঘটনার ওপর আমাদের নিয়ন্ত্রণও থাকে না। কিন্তু এ দেশে এ রকম হলে তা খারাপ হবে।’

নয়া দিগন্ত অনলাইন
মইন আলী
মইন আলী |ফাইল ছবি

দ্য হান্ড্রেডে পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। ভারতীয় মালিকানাধীন ফ্রাঞ্চাইজিগুলো দলে ভেড়াতে চায় না বাবর-শাহিনদের। যা নিয়ে ক্ষুব্ধ ইংলিশ অলরাউন্ডার মইন আলী।

পাকিস্তান ও ভারতের চলমান রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব আন্তর্জাতিক ক্রিকেটে পড়েছে আগেই। বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগেও দেখা গেছে যার নজির। বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে উপেক্ষিত পাকিস্তানিরা।

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত পাকিস্তানি কোনো খেলোয়াড়কে দেখা যায়নি। কেননা এই লিগের ৬ ফ্রাঞ্চাইজির সবগুলোই ভারতীয় মালিকানাধীন।

এদিকে আরব আমিরাতের আইএলটি-২০ টুর্নামেন্টেও ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিগুলো গত চার মৌসুমে কোনো পাকিস্তানি খেলোয়াড়কে দলে নেয়নি। এবার একই কাণ্ড দেখা যেতে পারে ইংল্যান্ডেও।

আগামী মাসে গড়াবে দ্য হান্ড্রেডের নিলাম। যেখানে ভারতীয় মালিকানাধীন দলগুলো পাকিস্তানি ক্রিকেটারদের বিবেচনায় নিচ্ছে না বলে দাবি করেছে ইংলিশ সংবাদমাধ্যম বিবিসি। যা মানতে পারছেন না মইন আলী।

দ্য হান্ড্রেডের দল মালিকদের এমন সিদ্ধান্তের বিরোধিতা করেছেন সাবেক এই ইংলিশ অলরাউন্ডার। পাকিস্তানি ক্রিকেটারদের খেলতে দেয়া না হলে বিক্ষোভ শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি সংবাদমাধ্যমকে এই প্রসঙ্গে মইন বলেন, ‘যুক্তরাজ্যে এমনটা ঘটতে পারে বলে আমি মনে করি না। আশা করি ঘটবেও না। এটা হওয়া উচিত নয়। যদি ঘটে, সেটা হবে বিশাল লজ্জার। আমি নিশ্চিত ইসিবি বিষয়টি নজরে রাখবে।’

সত্যিই যদি পাকিস্তানিদের বাদ দেয়া হয় তাহলে বিক্ষোভ হবে এমনটাও বলেন মইন। তিনি বলেন, ‘যদি এমনটা হয় তাহলে কিছু ক্রিকেটার মুখ খুলবেন। বিক্ষোভ হবে। আমার মতে, সেটা হওয়া উচিত।’

‘এক্ষেত্রে পাকিস্তানি বংশোদ্ভূত হোন বা না হোন, সকলের এগিয়ে আসা উচিত। তবে আমরা জানি না, কী হতে চলেছে। এই ধরনের ঘটনার ওপর আমাদের নিয়ন্ত্রণও থাকে না। কিন্তু এ দেশে এ রকম হলে তা খারাপ হবে।’

উল্লেখ্য, নারী ও পুরুষ মিলিয়ে পাকিস্তানের মোট ৬৭ ক্রিকেটার এবারের দ্য হানড্রেডের নিলামের জন্য আবেদন করেছেন। দেখার বিষয় তাদের মাঝে থেকে কতজনে দল পান।