হৃদয়ের সেঞ্চুরির জবাব দিয়ে দলকে জেতালেন জিশান

শনিবার রাজশাহীতে আগে ব্যাট করে ৭ উইকেটে ৩২২ রান তুলে উত্তরাঞ্চল। যা তাড়া করে নেমে ৩ বল হাতে রেখে জয় পায় মাহিদুল ইসলামের দল। জয়ের নায়ক জিশান আলম।

নয়া দিগন্ত অনলাইন
অবিশ্বাস্য জয় পেল জিশানের দল মধ্যাঞ্চল
অবিশ্বাস্য জয় পেল জিশানের দল মধ্যাঞ্চল |সংগৃহীত

মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলের লড়াইটা হলো সেয়ানে সেয়ানে। বড় রান নিয়েও পার পায়নি উত্তরাঞ্চল। তাওহীদ হৃদয়ের সেঞ্চুরির জবাব জিশান আলম দিয়েছেন সেঞ্চুরি দিয়েই।

বিসিএল ওয়ানডেতে তৃতীয় রাউন্ডের ম্যাচে নাজমুল হোসেন শান্তদের ২ উইকেটে হারিয়েছে মধ্যাঞ্চল। যা দলটার টানা দ্বিতীয় জয়। অন্যদিকে দুই ম্যাচ পর প্রথম হারের স্বাদ পেল উত্তরের দলটা।

শনিবার রাজশাহীতে আগে ব্যাট করে ৭ উইকেটে ৩২২ রান তুলে উত্তরাঞ্চল। যা তাড়া করে নেমে ৩ বল হাতে রেখে জয় পায় মাহিদুল ইসলামের দল। জয়ের নায়ক জিশান আলম।

জবাব দিতে নেমে নাঈম শেখ (১০) ও সাইফ হাসান (১৪) থিতু হতে পারেননি। তবে জিশান জ্বলে উঠেন। তিনি আউট হন ২৯.৫ ওভারে ১৮৮ রানের মাথায়, ১৬ চার ও ৫ ছক্কায় ৯৩ বলে ১২৭ করে।

এরপর মাহফিজুল ইসলাম ৮১ বলে ৫৪ রান করে বিদায় নিলে ফের চাপ বাড়ে। মাজ্জে ইরফান শুক্কুর (০) ও মাহিদুল ইসলাম ফেরেন ৩৯ রান নিয়ে। ২৫২ রানে ৬ উইকেট হারায় মধ্যাঞ্চল।

তবে হাল ধরেন মোসাদ্দেক হোসেন। ২৬ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংসে দলকে এনে দেন জয়। হাঁকান চারটি করে চার-ছক্কা। বৃথা যায় উত্তরাঞ্চলের হয়ে রিশাদের নেয়া ৩ উইকেট।

এর আগে, ব্যাট করতে নেমে দলীয় ৯ রানেই ফেরেন নাজমুল হোসেন শান্ত (৪) ও লিটন দাস (০)। তবে এরপর ১৩৫ রানের জুটি গড়েন তানজিদ তামিম ও তাওহীদ হৃদয়।

জুটি ভাঙে তামিম ৯২ বলে ৯২ করে আউট হলে। আকবর আলী ২৫ বলে ২২ রান করে বিদায় নিলে ক্রিজে আসেন সাব্বির রহমান। এই ফাঁকে হৃদয় তুলে নেন সেঞ্চুরি।

১১৩ বলে ১০২ রান করার পথে হৃদয় হাঁকান আটটি চার। অন্যদিকে সাব্বির মাত্র ৫১ বলে চার ৪ ও ৫ ছক্কাহ ৭৩ রানের ইনিংস খেলেন। তাতেই তিন শ’ পেরোয় উত্তরাঞ্চল। বল হাতে আবু হায়দার রনি নেন ৪ উইকেট।