জিডি ট্রফিতে প্রথম জয় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (৫ সেপ্টেম্বর) নিজেদের তৃতীয় ম্যাচে অনূর্ধ্ব-২৩ দল ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে।

নয়া দিগন্ত অনলাইন
জিডি ট্রফির ফাইনালে এক পা দিয়ে রেখেছে অনূর্ধ্ব-২৩ দল
জিডি ট্রফির ফাইনালে এক পা দিয়ে রেখেছে অনূর্ধ্ব-২৩ দল |সংগৃহীত

গেম ডেভেলপমেন্ট (জিডি) ট্রফিতে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ক্রিকেট দল।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (৫ সেপ্টেম্বর) নিজেদের তৃতীয় ম্যাচে অনূর্ধ্ব-২৩ দল ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে।

এর আগে, সিরিজে নিজেদের প্রথম ম্যাচে অনূর্ধ্ব-১৯ দলের কাছে হারের পর দ্বিতীয়টিতে বৃষ্টির কারণে অনূর্ধ্ব-১৭ দলের সাথে পয়েন্ট ভাগাভাগি করে অনূর্ধ্ব-২৩ দল।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯ দশমিক পাঁচ ওভারে ১৮৯ রানে অলআউট হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন ইনফর্ম ওপেনার এসকে জারিফ সিয়াম। ৭১ বল খেলে পাঁচটি চার ও একটি ছক্কা মারেন তিনি।

এছাড়া আহসান আল মুমিন ৪৫ বলে ৩৫ রান এবং মেহরাব হাসান সিজান ৩৬ বলে ৩৩ রান করেন।

বল হাতে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে স্বাধীন ইসলাম তিনটি এবং মহিউদ্দিন তারেক দু’টি উইকেট শিকার করেন।

লক্ষ্য তাড়া করতে নেমে অনূর্ধ্ব-২৩ দলকে ২১ ওভারে ১৩০ রানের দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার আজিজুল হাকিম তামিম ও আদিল। ৭৪ বলে ৬৩ রান করে প্রথম আউট হন আদিল।

এরপর ম্যাচের হাল ধরেন তামিম ও কালাম সিদ্দিকী আলিন। দ্বিতীয় উইকেটে তাদের অবিচ্ছিন্ন ৫১ রানের জুটিতে ১১১ বল বাকি থাকতে জয় পায় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

৭৯ বলে ৫ চার ও ২ ছক্কায় অপরাজিত ৭৪ রানের ইনিংস খেলে দলের জয়ে বড় ভূমিকা রাখেন তামিম। অনপ্রান্তে ৪০ বলে অপরাজিত ৩৯ রান করেন আলিন। ইনিংসে চারটি চার ও একটি ছক্কা মারেন তিনি। বাসস