হামজা-সামিতকে নিয়েই প্রস্তুত হচ্ছে বাংলাদেশ

সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু কথা বলেন গণমাধ্যমের সাথে। জানান ভিয়েতনাম ম্যাচের আগেই হামজা-সামিতরা যোগ দেবেন দলে।

নয়া দিগন্ত অনলাইন
হামজা চৌধুরী ও সামিত সোম
হামজা চৌধুরী ও সামিত সোম |সংগৃহীত

অনিশ্চয়তা কেটে গেছে অনেকটাই। ভিয়েতনামের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়েই খেলবে বাংলাদেশ। হামজা চৌধুরী-সামিত সোমকে পাচ্ছেন হাভিয়ের কাবরেরা।

আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে এএফসি এশিয়ান কাপ বাছাই শেষ করবে বাংলাদেশ। আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়ায় ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতা।

এশিয়ান কাপে মাঠে নামার আগে সামিত-হামজাদের জন্য একটি ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করেছে বাফুফে। সিঙ্গাপুর যাওয়ার পথে ক্যাবরেরারা পা রাখবে ভিয়েতনামে।

সেখানে আগামী ২৬ মার্চ একটি প্রীতি ম্যাচ খেলবে স্বাগতিক দলের বিপক্ষে। পরের দিন চলে যাবে সিঙ্গাপুর। এই দুটো ম্যাচ সামনে রেখে আজ আলোচনায় বসেছিল বাফুফে।

আজ বৃহস্পতিবার সভা করেছে বাফুফের ন্যাশনাল টিমস কমিটি। সভায় সভাপতিত্ব করেছেন কমিটির চেয়ারম্যান ও বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু কথা বলেন গণমাধ্যমের সাথে। জানান ভিয়েতনাম ম্যাচের আগেই হামজা-সামিতরা যোগ দেবেন দলে।

আমিরুল ইসলাম বাবু বলেন, ‘আমরা ১৬ মার্চ খেলোয়াড়দের জাতীয় ক্যাম্পে রিপোর্ট করতে বলেছি। সামিত সোম, ফাহামিদুল ও জায়ান আহমেদরা ক্যাম্পের প্রথম দিনই যোগ দেবেন।’

দলের পরিকল্পনা সম্পর্কে আমিরুল বলেন, ‘ঢাকায় চার দিন অনুশীলন করে ২০ মার্চ দল ভিয়েতনাম যাবে। সেখানে ২৬ মার্চ ম্যাচ খেলে পরের দিন সিঙ্গাপুরে যাবে। সেখানে ম্যাচ খেলে ১ এপ্রিল দল দেশে ফিরবে।’

হামজা চৌধুরী কিভাবে দলের সাথে যুক্ত হবেন, তাও জানিয়েছেন তিনি। বলেন, ‘হামজা চৌধুরী ঢাকায় ক্যাম্পের প্রাথমিক পর্বে থাকছেন না। তিনি প্রীতি ম্যাচের আগে ২২ মার্চ সরাসরি ভিয়েতনামে দলের সাথে যোগ দেবেন।’