শেষ ৭ ইনিংসে ৩টি সেঞ্চুরি করেছিলেন নাজমুল হোসেন শান্ত। আজ পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসেও পেয়েছেন তিন অঙ্কের দেখা। যা সাদা পোশাকে তার নবম সেঞ্চুরি।
১২৯ বলে সেঞ্চুরির পথে ১২টি চার ও ২টি ছক্কা হাঁকান শান্ত। তবে এরপর ইনিংসটা আর বড় হয়নি, সেঞ্চুরি করার পরের বলেই এলবিডব্লু হয়ে ফেরেন তিনি (১০১)।
শান্তর বিদায়ে ভাঙে মুমিনুল হকের সাথে গড়ে তোলা ২৫৭ বলে ১৭০ রানের জুটি। ততক্ষণে অবশ্য দুই শ’ পেরিয়ে গেছে টাইগারদের ইনিংস।
মোহাম্মদ আব্বাস শান্তকে যেই ওভারে ফেরান, সেই ওভার শেষেই দেয়া হয় চা বিরতি। বিরতির আগে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২০১ রান। মুমিনুল ৬৪ রানে অপরাজিত আছেন।
উল্লেখ্য, দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মিরপুরে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টসে হেরে আগে ব্যাট করছে টাইগাররা। তবে শুরুটা ভালো হয়নি, ৩১ রানে ২ উইকেট হারায় দল।
এরপর তৃতীয় উইকেটে শান্ত ও মুমিনুলের ১৭০ রানের জুটিতে প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনও নিজেদের করে নেয় বাংলাদেশ।



