এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি নকআউটে খেলবে বাংলাদেশ

এশিয়ান গেমসের সব ম্যাচই জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ টি-টোয়েন্টি সংস্করণে হবে।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ টি-২০ ক্রিকেট দল
বাংলাদেশ টি-২০ ক্রিকেট দল |ফাইল ছবি

আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টে সরাসরি নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। তাদের সাথে সরাসরি নক আউটে খেলবে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

আইসিসি র‌্যাংকিংয়ের ভিত্তিতে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

অন্যদিকে, বাছাই পর্বে লড়বে আফগানিস্তান, হংকং, জাপান, মালয়েশিয়া, নেপাল ও ওমান।

বৃহস্পতিবার এশিয়ান গেমসের পুরুষ ও নারী ক্রিকেট ইভেন্টের ড্র অনুষ্ঠিত হয়। পুরুষ বিভাগে ১০টি দল এবং নারী বিভাগে মোট ৮টি দল অংশ নেবে।

পুরুষ বিভাগে বাছাই পর্বে ‘এ’ গ্রুপে আছে আফগানিস্তান, জাপান ও নেপাল। ‘বি’ গ্রুপে খেলবে মালয়েশিয়া, হংকং ও ওমান। পুরুষ বিভাগের খেলা ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত চলবে।

নারী ইভেন্ট কোয়ার্টার ফাইনাল পর্ব দিয়ে শুরু হবে। শেষ আটে বাংলাদেশ-চীন, ভারত-জাপান, শ্রীলঙ্কা-মালয়েশিয়া এবং পাকিস্তান-থাইল্যান্ড মুখোমুখি হবে। নারী বিভাগের খেলা চলবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

এশিয়ান গেমসের সব ম্যাচই জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ টি-টোয়েন্টি সংস্করণে হবে।

সর্বশেষ ২০২৩ এশিয়ান গেমসে পুরুষ ও নারী বিভাগে স্বর্ণপদক জিতেছিল ভারত।