বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে শঙ্কা দেখা গিয়েছিল আগেই। যদিও ধারণা করা হচ্ছিলো, ঢাকায় না হলেও অন্তত সিলেটে আয়োজন করা হতে পারে এই অনুষ্ঠান। তবে শেষ পর্যন্ত বাতিলই হয়ে গেল এই আয়োজন।
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৩তম আসরকে সামনে রেখে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৪ ডিসেম্বর জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের কথা ছিল।
তবে প্রশাসন থেকে গ্রিন সিগন্যাল মেলেনি। ফলে দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে নিরাপত্তা শঙ্কায় দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের এই আয়োজনটি বাতিল করা হয়েছে।
জানা গেছে, নির্বাচনের আগে বর্তমান পরিস্থিতিতে এ ধরনের বড় কোনো জনসমাগমপূর্ণ অনুষ্ঠান আয়োজন করা বেশ ঝুঁকিপূর্ণ। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরবেন ২৫ ডিসেম্বর।
তার ফেরার আগের দিন স্বাভাবিকভাবেই সারাদেশ থেকে নেতাকর্মী ঢাকায় জড়ো হবেন। এ কারণে অনুষ্ঠানটি আয়োজনের বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের ক্লিয়ারেন্স বা সবুজ সংকেত পায়নি বিসিবি।
বিসিবির এক শীর্ষ কর্তা জানান, ২৪ ডিসেম্বর যেখানে রাজধানীর বাইরে থেকে লাখ লাখ মানুষের সমাগম ঘটবে, সেখানে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে নিরাপত্তা দেয়া সম্ভব নয়। আমরা তাই অনুষ্ঠান না করার কথাই ভাবছি।
মূলত পুলিশ, সেনাবাহিনী, বর্ডার গার্ড রেজিমেন্ট, র্যাব, আনসারসহ সব নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থা সেই সময় রাজনৈতিক নিরাপত্তা প্রদানের কাজে ব্যস্ত থাকবে। ফলে উদ্বোধনী অনুষ্ঠানে নিরাপত্তা দিতে অপারগ তারা।
তবে মাঠের ক্রিকেট গড়ানো নিয়ে সংশয় নেই। সবকিছু ঠিক থাকলে বেঁধে দেয়া সময় অনুযায়ী, অর্থাৎ আগামী ২৬ ডিসেম্বর থেকেই পুণ্যভূমি সিলেটে শুরু হবে বিপিএলের এবারের আসর।



