সেমিফাইনাল স্বপ্ন ধূসর হয়ে গেছে পাকিস্তানের। কাগজে-কলমে যদিও সম্ভাবনা বেঁচে আছে এখনো, তবে তার জন্য পাড়ি দিতে হবে সমীকরণের কঠিন মারপ্যাঁচ।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি সেমিফাইনাল খেলা দলটা দাঁড়িয়ে আছে খাদের কিনারে। গতরাতে ইংল্যান্ডের কাছে হেরে বড় বিপদে পড়ে গেছে ম্যান ইন গ্রিনরা।
সুপার এইটের প্রথম ম্যাচে জিততে পারেনি পাকিস্তান, বৃষ্টিতে ভেস্তে যায় নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি। পয়েন্ট হয় ভাগাভাগি। আর পাল্লাকেলেতে মঙ্গলবার সালমান আগারা ইংল্যান্ডের কাছে হেরে গেছে ২ উইকেটে।
সুপার এইটে পাকিস্তানের হাতে আছে আর মাত্র একটি ম্যাচ। ২৮ ফেব্রুয়ারি স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে তারা। শেষ চারে উঠতে হলে অবশ্যই সেই ম্যাচে জিততে হবে পাকিস্তানকে।
জয় পেলে তাদের পয়েন্ট দাঁড়াবে তিন, কিন্তু তাও যথেষ্ট না-ও হতে পারে। তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য দলগুলোর দিকেও। বিশেষ করে নিউজিল্যান্ডের হার কামনা করতে হবে সালমান আগাদের।
পাকিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলেও শেষ চারে যেতে সমীকরণ আসবে ৩টি
সমীকরণ-১
নিউজিল্যান্ড যদি তাদের শেষ দুই ম্যাচে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার কাছে হেরে যায়, সেক্ষেত্রে ইংল্যান্ডের (৬) পর দ্বিতীয় দল হিসেবে ৩ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে যাবে পাকিস্তান।
সমীকরণ-২
নিউজিল্যান্ড যদি দুই ম্যাচের একটি জেতে ও অন্যটিতে হেরে যায়, তবে পাকিস্তান ও নিউজিল্যান্ড উভয় দলই শেষ করবে তিন পয়েন্ট নিয়ে। এমতাবস্থায় রানরেট ভালো রাখতে হবে পাকিস্তানকে।
সমীকরণ-৩
তবে নিউজিল্যান্ড যদি তাদের বাকি দুই ম্যাচেই জেতে, তাহলে সেমিফাইনালে উঠে যাবে তারাই। পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচটা হয়ে যাবে তখন শুধুই আনুষ্ঠানিকতার।


