হারারেতে ইনিংস হারের লজ্জা এড়াতেই এখনো ২৩০ রান প্রয়োজন বাংলাদেশের। এর মাঝেই অবশ্য সাদমান ইসলামের উইকেট হারিয়ে বসেছে দল। ফলে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে টাইগাররা।
হারারে টেস্টে জিম্বাবুয়ের প্রথম ইনিংস শেষ হয় ৪১০ রানে। ২৭০ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ সোমবার দ্বিতীয় দিন শেষ করে ১ উইকেট হারিয়ে ৪০ রান নিয়ে। ২১ রান নিয়ে জয় ও ৯ রানে অপরাজিত আছেন শান্ত।
ম্যাচ বাঁচানো তো বহুদূর, হারারে টেস্টে আপাতত ইনিংস পরাজয় এড়াতেই লড়তে হচ্ছে। দেখা যাক কতদূর পারে টাইগাররা। প্রথম ইনিংসে তো ব্যাট হাতে দাঁড়াতেই পারেননি মুশফিক-শান্তরা।
প্রথম দিনে বাংলাদেশ গুটিয়ে যায় ১৪০ রানে। একপর্যায়ে রান ছিল ২ উইকেটে ১১৩। ৬০ রান করা মুমিনুল হকের বিদায় দিয়ে শুরু হয় উল্টো যাত্রার। ২৭ রানেই পতন হয় ৮ উইকেটের!
রান তাড়ায় প্রথম টেস্ট সেঞ্চুরিতে ইনোসেন্ট কাইয়া করেন ১৪০ রান। এক বছর পর টেস্ট খেলতে নেমে ৭৭ রানে অপরাজিত থাকেন ওয়েসলি মাধেভেরে। ফিফটি করেন ব্রায়ান বেনেট (৫৯) ও ক্রেইগ আরভিনও (৬০)।
বোলিংয়ের নায়ক তাইজুল ইসলাম একাই ৭ উইকেট নেন। টেস্ট ক্রিকেটে এই প্রথম দেশের বাইরে ৭ উইকেটের স্বাদ পেলেন বাংলাদেশের কোনো বোলার। ২ উইকেট নেন খালেদ আহমেদ।
বড় লিডের বোঝা মাথায় নিয়ে ব্যাট করতে নেমে ২২ রানেই ভাঙে বাংলাদেশের উদ্বোধনী জুটি। ১১ বলে ৯ রান করে আউট হন সাদমান ইসলাম। এরপর আর কোনো বিপদ আসতে দেননি শান্ত ও জয় মিলে।



