রাজনৈতিক বৈরিতার কারণে ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজ এখন প্রায় অতীত। একসময় যে ম্যাচ ঘিরে থাকত টানটান উত্তেজনা ও ভক্ত-সমর্থকদের ব্যাপক উন্মাদনা, সেখানে পড়েছে রাজনীতির প্রভাব।
তবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই আবারো নিয়মিত করতে নতুন পরিকল্পনা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)- এমন দাবি করেছে ভারত ও পাকিস্তানের সংবাদমাধ্যম। সেই পরিকল্পনায় বাংলাদেশও থাকতে পারে।
২০১৩ সালের পর থেকে দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয়নি ভারত ও পাকিস্তান। এরপর দুই দলকে দেখা গেছে এশিয়া কাপ কিংবা আইসিসির বৈশ্বিক আসরে- ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফিতে। এবার দর্শকদের বিপুল আগ্রহ বিবেচনায় নিয়ে দুই দলের ম্যাচের সংখ্যা বাড়াতে চাইছে আইসিসি।
পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যমের দাবি, দ্বিপক্ষীয় সিরিজের বদলে নিরপেক্ষ ভেন্যুতে তিন বা চার দেশকে নিয়ে বহুজাতিক সিরিজ আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। ভারত-পাকিস্তানের জন্য সম্ভাব্য নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কথাও ভাবা হয়েছে।
ভারতের সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’ জানিয়েছে, এমন সিরিজে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকেও আমন্ত্রণ জানানো হতে পারে। পাকিস্তান এ ধরনের আয়োজনের ব্যাপারে বেশ আগ্রহী হলেও ভারতের অবস্থান এখনো স্পষ্ট নয়।
প্রস্তাবিত এই বহুজাতিক টুর্নামেন্ট বাস্তবে রূপ নেবে কি না, সে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে সেপ্টেম্বরের শেষ দুই সপ্তাহ। আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর দুবাইয়ে আইসিসির সদস্য দেশগুলোর বৈঠক হওয়ার কথা রয়েছে।
সেখানে ১২টি পূর্ণ সদস্য ও ৮টি সহযোগী সদস্য দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচ বাড়ানো এবং বহুজাতিক টুর্নামেন্ট আয়োজনসহ বিভিন্ন বিষয়ে সেখানে আলোচনা হতে পারে।
এদিকে এই সেপ্টেম্বরেই বাংলাদেশ সফরে ভারতের তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল। তবে সেই সফর হচ্ছে না। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক সূত্রের বরাতে এএনআই জানিয়েছে, ২০২৭ সালের শুরুতে বাংলাদেশ-ভারত সিরিজ হতে পারে।
ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্কের বর্তমান বাস্তবতায় দুই দেশের মধ্যে ২০২৪ সালের ডিসেম্বরে একটি সমঝোতা চুক্তিও হয়েছিল। ২০২৪-২০২৭ চক্রে ভারত ও পাকিস্তান যেসব বৈশ্বিক টুর্নামেন্টের আয়োজক, সেগুলো হাইব্রিড মডেলে আয়োজনের সিদ্ধান্ত হয়। অর্থাৎ কোনো দলকে আয়োজক প্রতিপক্ষের দেশে যেতে হবে না।
এর ধারাবাহিকতায় ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি ও ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়েছে। চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক ছিল পাকিস্তান, আর নারী ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আয়োজকও ছিল ভারত; তবে ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যৌথ আয়োজক শ্রীলঙ্কার কলম্বোয়।
সব মিলিয়ে ভারত-পাকিস্তান দ্বৈরথকে নিয়মিত করার নতুন উদ্যোগ সফল হলে দ্বিপক্ষীয় সিরিজ ছাড়াই দুই দলের মুখোমুখি হওয়ার সুযোগ বাড়তে পারে। আর সেই সম্ভাব্য বহুজাতিক আয়োজনের অংশ হিসেবে বাংলাদেশেরও মাঠে নামার সুযোগ তৈরি হতে পারে।



